শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশই পাচ্ছে ২০ লাখ টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৬

030055Tamim_kalerkantho_pic-550x367

পূর্বাশা ডেস্ক:

গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে যে ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল সেই টাকা পুলিশই পাচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা ইউনিট এলআইসি, সোয়াত ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ যৌথভাবে এ টাকা পাবে। আজ বুধবার পুলিশ সদর দপ্তরে এ বিষয়ে আইজিপির (পুলিশের মহাপরিদর্শক) ঘোষণা দেওয়ার কথা রয়েছে। পুলিশের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

গত ২ আগস্ট তামিমকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ সদর দপ্তর। গত শনিবার নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় পুলিশের অভিযানে তামিমসহ তিন জঙ্গি নিহত হয়।

পুলিশ সূত্র জানায়, তামিম চৌধুরী দীর্ঘদিন ধরে নব্য জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিল। তার মাধ্যমেই জঙ্গিদের কাছে অস্ত্র ও অর্থ আসত। তামিমের পরিকল্পনাতেই গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা হয়। পরিকল্পনায় তার সঙ্গে ছিল সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক। এ দুজনকে ধরিয়ে দিতে ২ আগস্ট আইজিপি ২০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেন।

তামিম-জিয়াকে ধরতে পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সারা দেশে বিশেষ অভিযান চালায়। সূত্র জানায়, বিভিন্ন সোর্সের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় রাজধানীর অদূরেই আস্তানা গেড়েছে তামিম। অবশেষে নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়ার শাহ সুজা রোডের একটি বাড়িতে তামিম চৌধুরীর সন্ধান মেলে। গত শুক্রবার রাতে সেখানে সিটিটিসি ইউনিট, সোয়াত টিম, পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা ও নারায়ণগঞ্জ পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালায়। আত্মসমর্পণ করতে বললে জঙ্গিরা উল্টো পুলিশের ওপর হামলা চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে শনিবার সকালে গোলাগুলিতে তামিমসহ তিন জঙ্গি নিহত হয়। তবে জিয়াকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার বলেন, ‘তামিমকে ধরিয়ে দেওয়ার পুরস্কারের টাকা পুলিশই পাবে। সিটিটিসি, সোয়াত, এলআইসি ও নারায়ণগঞ্জ পুলিশ যৌথভাবে পুরস্কারের টাকার ভাগীদার। কারণ পুলিশ সোর্সের তথ্যের ভিত্তিতেই তামিমের সন্ধান পাওয়া যায়। বুধবার (আজ) সংবাদ সম্মেলন করে আইজিপি স্যারের এ ঘোষণা দেওয়ার কথা রয়েছে। নিখোঁজ কয়েকজন সম্পর্কেও তিনি ব্রিফ করবেন।’ পলাতক জিয়াকেও দ্রুততম সময়ের মধ্যে পাকড়াও করা সম্ভব হবে বলে আশাবাদী ওই কর্মকর্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি