মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিকেলে মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০১৬

BAFUFA-550x304

পূর্বাশা স্পোর্স ডেস্ক:

বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভুটানের বিপক্ষে প্লে অফ ম্যাচের আগে, এ ম্যাচে ভাল পারফর্ম করে নিজেদের আত্মবিশ্বাস ফেরাতে চান ফুটবলাররা। তবে, প্রথম মিশনে ড্র হলেই খুশি জাতীয় দলের কোচ টম সেইন্টফিট। মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে, দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

২৬ ডিসেম্বর, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে, আফগানিস্তানের কাছে হেরে বিপর্যস্ত বাংলাদেশ ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয়েছিলো মালদ্বীপের। আসরে টিকে থাকার লড়াইয়ে আলী আশফাকের দলের কাছে ৩-১ গোলে হেরে থেমে যায় মামুনুলদের স্বপ্ন যাত্রা।

বছর ঘুরে আবারো সেই মালদ্বীপের মুখোমুখি হচ্ছে লাল সবুজের দল। তবে, এবার আমেজটা প্রস্তুতি ম্যাচের। প্রস্তুতি ম্যাচ হলেও ঘুরেফিরে আসছে প্রতিশোধের সুর। তবে, তা মানতে নারাজ জাতীয় দলের নতুন কা-ারি টম সেইন্টফিট।

এক সময় এই মালদ্বীপকে হেসে খেলেই হারাতে পারতো বাংলাদেশ। আন্তর্জাতিক মঞ্চে ১০-০ গোলে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টাও আছে মালদ্বীপের বিপক্ষেই। কিন্তু চেনা প্রতিপক্ষই এখন হয়ে গেছে অচেনা। শেষ দুটি ম্যাচেতো বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছিলো বাংলাদেশকে। তাই নিজের প্রথম মিশনে ড্র হলেই খুশি কোচ।

টম সেইন্টফিট বলেন, ‘খুব বেশি সময় ফুটবলারদের অনুশীলনে পাইনি আমি। এ ম্যাচেও তাই খুব বেশি কিছু প্রত্যাশা করছি না। নিজেদের মাঠে মালদ্বীপ শক্ত প্রতিপক্ষ। সাম্প্রতিক সময়ে বেশ উন্নতি করেছে ওরা। তাই আপাতত এ ম্যাচে ড্র হলেই আমি খুশি।’

আন্তর্জাতিক মঞ্চে শেষ ৫ ম্যাচে বড্ড বাজে পারফরমেন্স লাল সবুজের প্রতিনিধিদের। ৪ ম্যাচে হারের সঙ্গে ড্র করেছে শুধু নেপালের বিপক্ষে। তাই ভুটান ম্যাচের আগে ফুটবলারদের আত্মবিশ্বাস ফেরাতে এ ম্যাচের জয়টা বেশ প্রয়োজন নাসির, রনিদের। তবে, প্রতিপক্ষের মাঠে কাজটা যে বেশ কঠিন হবে তা ভালই জানা আছে তাদের।

সারাদিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুশীলন করতে পারেনি সেইন্টফিটের শিষ্যরা। পড়ন্ত বিকেলে তাই শিষ্যদের নিয়ে হালকা অনুশীলন করেছেন কোচ। ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল। জামাল ভূইয়ার শূন্যতাও ভোগাবে দলকে। তবে সে শূন্য পূরণে ভূমিকা রাখতে চান হেমন্ত ভিনসেন্ট, আরিফুলরা। ফরোয়ার্ড পজিশনে কোচের মূল ভরসা সাখাওয়াত রনি, জীবন ও রুবেল মিয়া। রক্ষণভাগে আছেন অভিজ্ঞ ওয়ালি ফয়সাল ও রায়হান। তবুও কঠিন চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশের জন্য অপেক্ষায় আছে রেড স্ন্যাপাররা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে মালদ্বীপ। তবে, অতীত পরিসংখ্যান থেকে স্বস্তি খুঁজতে পারেন টম সেইন্টফিট। এখন পর্যন্ত দু’দলের ১১ বারের দেখায় ৫ বার জিতেছে বাংলাদেশ। তিনবার জয় আছে ড্যারেন স্টুয়ার্টের দলের। তিনটি ম্যাচ হয়েছে ড্র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি