ডেস্ক রিপোর্ট : বিএনপির ভাবনায় শুধুই নির্বাচনপূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে দল পুনর্গঠনের কাজ প্রায় শেষ করে ফেলেছে বিএনপি। কেন্দ্রীয় কমিটির পর দলটি এখন তৃণমূল পর্যায়ে অর্থাৎ জেলা-উপজেলা পর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।
তৃণমূল পর্যায়ের পুনর্গঠনের অংশ হিসেবে গত সপ্তাহে ঢাকা জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। জানা গেছে, জেলা কমিটি পুনর্গঠনের সঙ্গে সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর কাজ চলছে। খুব শিগগিরই এসব কমিটি পুনর্গঠনের কাজ শেষ হয়ে যাবে। তৃণমূল পর্যায়ের পুনর্গঠনের দায়িত্ব দেয়া হয়েছে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে। ঢাকা মহানগর গঠনের দায়িত্ব দেয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আব্দুল আউয়াল মিন্টুকে।
বিএনপির নীতি নির্ধারকদের মতে, তাদের ভাবনা এখন শুধু নির্বাচন। সব দলের অংশগ্রহণে কিভাবে একটি অবাধ, সুষ্ঠু নতুন জাতীয় নির্বাচনের দাবি আদায় হবে তা নিয়েই দলটির যত চিন্তা। নতুন নির্বাচন আদায়ের ওপর জোর দিয়েই বিএনপি তাদের ভবিষ্যত রাজনীতির কর্মপরিকল্পনা সাজাচ্ছে। যদিও নানা প্রতিবন্ধকতার কারণে নতুন নির্বাচন আদায়ের দাবিতে এখনো রাজপথে সক্রিয় আন্দোলনে ফিরতে পারছে না বিএনপি। দলটির একাধিক নীতি নির্ধারক জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আর সেই নির্বাচন আদায়ে কিভাবে সক্রিয় আন্দোলনে ফেরা যায় তার উপায় খোঁজা হচ্ছে। খুব শিগগিরই নতুন উদ্যমে আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠের রাজনীতিতে ফিরবে বিএনপি।
জানা গেছে, পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যতদ্রুত সম্ভব দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডাকবেন। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নতুন নির্বাচন আদায়ের দাবিতে আন্দোলনের রূপরেখা ও কর্মসূচি চূড়ান্ত করবেন। এরপর জোটের শরিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। চলতি মাসেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের ভিসা নিয়েছেন তিনি। আগামী ৫-৬ অক্টোবর হজ পালনে তার সৌদি সফরের কথা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আগামী নভেম্বর মাসের শুরুতেই প্রথম ধাপের কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে নামবে। এর মধ্যে সার্বিকভাবে দলের পুনর্গঠন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তবে আন্দোলনের কর্মসূচিতে এবার ভিন্নতা থাকবে। সহিংস কর্মসূচি যথাসম্ভব আমরা এড়িয়ে চলব।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পর থেকেই বিএনপি তার রাজনৈতিক শরিকদের সঙ্গে নিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করে আসছে। ২০১৪ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনেই ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন বর্জন করে বিএনপি লাগাতার দেড় মাসের বেশি সময় হরতাল-অবরোধের সহিংস কর্মসূচি চালায়। এর পরের বছরও ৫ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের এক বছর পূর্তির দিনটিকে সামনে রেখে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির ঘোষণা দেন খালেদা জিয়া। সরকারের কঠোর অবস্থানের কারণে ওই কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে বিএনপি আবারো দেশব্যাপী লাগাতার হরতাল-অবরোধের কর্মসূচি চালায়। কিন্তু দাবি আদায়ে ব্যর্থ হয়ে অবশেষে আন্দোলনে বিরতি দিয়ে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয় বিএনপি। পাশাপাশি দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করে। অবশেষে ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের পর সাড়ে চার মাস সময় নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দলের জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করেছেন। সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির দুটি পদসহ নির্বাহী কমিটির ৭টি পদ শূন্য রয়েছে। এক নেতার এক পদের বিধান অনুসরণ করে দলটির একাধিক নেতা পদত্যাগ করেছেন। এ ছাড়া কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে দলের ভেতরে পদ-পদবি নিয়ে নেতাদের মধ্যে এক ধরনের অস্থিতরতা-অসন্তোষ তো রয়েছেই। তবে নিজের সিদ্ধান্তে অনড় থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পদপ্রাপ্ত অসন্তুষ্ট ও পদবঞ্চিত নেতাদের ক্ষোভ কিছুটা নিরসন করেছেন। এসব বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে মোটা দাগে বিএনপির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন প্রক্রিয়া শেষ হয়েছে বলা যায়। এখন দলের নেতাকর্মীরা নতুন নির্বাচন আদায়ের দাবিতে দলের ভবিষ্যত রাজনীতির কর্মসূচির দিকে তাকিয়ে রয়েছেন। যদিও চলমান পরিস্থিতিতে রাজনীতির ময়দানে ঘুরে দাঁড়ানোর বিষয়ে বিএনপির নেতাকর্মীদের মনেই সংশয় রয়েছে। দলটির নেতাকর্মীরা মনে করেন, প্রতিষ্ঠার পর বিভিন্ন সময় বিএনপি বিপর্যয়ের মুখে পড়লেও এবারই সবচেয়ে বড় সংকটে পড়েছে দল। একদিকে দলের হাইকমান্ডসহ কেন্দ্রীয় নেতারা মামলার জালে বন্দি। চেয়ারপার্সন খালেদা জিয়াকে মোকাবিলা করতে হচ্ছে দুর্নীতি-রাষ্ট্রদ্রোহসহ নানা মামলা। অন্যদিকে ক্ষমতাসীনদের নির্যাতনের শিকার তৃণমূল নেতাকর্মীরাও রয়েছেন হুমকির মুখে। এ অবস্থায় রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে দলকে বেশ বেগ পেতে হবে বলেই মনে করেন তৃণমূল নেতাকর্মীরা।
সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলেও দেখা যায়, সাংগঠনিকভাবে বিএনপির দুর্বলতার কারণেই গত এক বছরে দলীয় বা জাতীয় ইস্যুতে সক্রিয় কোনো কর্মসূচি দিয়ে রাজপথে নামতে পারেনি দলটি। গুলশান-শোলাকিয়া জঙ্গি হামলার পর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দিলেও তাতে সাড়া পাননি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানালেও সক্রিয় কর্মসূচি দিয়ে রাজপথে নামতে পারেনি দলটি। তবে এর মধ্যে ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার ঘটনাটি দলটির নেতাকর্মীদের মনে এক ধরনের আশার সঞ্চার করেছে। দলটির নেতাকর্মী ও সমর্থকদের মতে, সরকারের শত বাধার পরও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশে কিভাবে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হতে পারে এসব বিষয়েও আলোচনা হয়েছে। কথা হয়েছে গণতান্ত্রিক পরিবেশ নিয়েও।
জানা গেছে, বৈঠকে মার্কিন সরকারের দৃষ্টিভঙ্গিতে বিএনপি সন্তুষ্ট। মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত ওই বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্র ও আমরাও (বিএনপি) আশাবাদী যে, মার্কিন সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন হবে। একই সঙ্গে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে কথা হয়েছে। আগামী নির্বাচন সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিএনপির ভবিষ্যত রাজনীতির কর্মপরিকল্পনার বিষয়ে স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান বলেন, আমাদের দলের নেতাকর্মীরা মামলা-হামলায় জর্জরিত। বড় বড় প্রায় সব নেতাই কারাভোগ করেছেন অথবা করছেন। এমন অবস্থায় কিছুটা সংকট ও চ্যালেঞ্জ তো রয়েছেই। এসব মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান আমাদের শিখিয়ে গেছেন সংকট মোকাবিলা করে কীভাবে এগিয়ে যেতে হয়। দেশে গণতন্ত্রের বিকল্প নেই। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মানুষের অধিকার রক্ষায় দলের নেতাকর্মীদের সোচ্চার হতে হবে।























































