স্টাফ রিপোর্টার ঃ
লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মামুনুর রশীদ মজুমদার ফিরোজ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর শাহজাহান মজুমদার বলেন, ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। আপনারা মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সব সময় কোরআন হাদীস পড়েন ও পড়ান। আপনারা মানুষদের ইসলামের আলোকে জীবন যাপন করার জন্য আহ্বান করবেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার জন্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে বেশি বরাদ্দ দিচ্ছেন। তাই সবাইকে পড়ালেখায় মনোযোগ দিতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাই ছাত্র শিক্ষক অভিভাবক সকলকে সতর্ক থেকে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে বলেন তিনি। উল্লেখ্য সমাবেশ শেষে ছাত্র শিক্ষক অভিভাবক সকলকে জঙ্গিবাদের বিপক্ষে শপথ বাক্য পাঠ করান কাউন্সিলর শাহজাহান মজুমদার এবং সকলে মিলে জঙ্গিবাদ রুখে দেয়ার সংকল্প করেন।


















































