পূর্বাশা ডেস্ক:
দেশের সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়ের পর দুই মন্ত্রী সরকারে থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ২০ দলীয় জোটের অন্যতম শরিকদল বাংলাদেশ ন্যাপ। দলটির মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, সংখ্যাগরিষ্ঠ বিচারপতি দুই মন্ত্রীর বক্তব্যে শপথ ভঙ্গ হয়েছে বলে মত দিয়েছেন। এরপরও দুই মন্ত্রী সরকারে থাকেন কোন ভিত্তিতে?
শনিবার সকালে নয়াপলন্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ‘র সম্পাদকমন্ডলীর সভায় সরকারের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন।
ন্যাপ মহাসচিব বলেন, আদালত অবমাননার দায়ে শাস্তি পাওয়া খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের জরিমানার দায় বাংলাদেশের মানুষকে কেন নিতে হবে? আদালতের পূর্নাঙ্গ রায়ের পরও দুই মন্ত্রীর সরকারে অবস্থান করায় সরকারের নৈতিকতাকেই আবারো প্রশ্নবিদ্ধ করছে। এর ফলে প্রমানিত হয় সরকার আইনের শাসনের কথা মুখে বললেও কার্যত তারা তা বিশ্বাস করে না। যোগ করেন গোলাম মোস্তফা।
সভায় আরো বক্তব্য রাখেন ন্যাপ প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম সারওয়ার খান, ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, মোঃ নুরুল আমান চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ কামাল ভুইয়া, মোঃ শহীদুননবী ডাবলু, মতিয়ারা চৌধুরী মিনু, আনছার রহমান শিকদার, বাসন্তি বরুয়া বাবলী প্রমুখ।























































