পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ ছাড়ালো ৩১ বিলিয়ন ডলার। বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে এই পরিমাণ রিজার্ভকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি রেকর্ড রিজার্ভকে অধিক লাভজনক খাতে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। আর ব্যবসায়ীরা বলছেন, এই পরিমাণ রিজার্ভ বসিয়ে না রেখে বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি করতে।
একের পর এক রেকর্ড ভাঙ্গার পথে হ্যাকিংয়ের ঘটনায় দেশের রিজার্ভ হোঁচট খেলেও থমকে যায়নি। সেটা প্রামণ করেই প্রথমবারের মতো ৩১ বিলিয়ন রিজার্ভ ছাড়ালো বাংলাদেশ ব্যাংকের। এই অর্জনকে অর্থনীতির জন্য মাইল ফলক হিসেবে দেখছেন দেশের অর্থনীতিবিদরা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর খন্দকার ইব্রাহীম খালেদ বলেন, ‘এটি একটি ভালো লক্ষণ এবং এটি দেশের অর্থনীতির একটি সক্ষমতার পরিচয়। রিজার্ভ দেশের ভেতরে বাণিজ্যিক ঋণ দেওয়ার জন্য ব্যবহারযোগ্য নয়।’
রিজার্ভ রেকর্ড গড়তে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভূমিকা রেখেছে রেমিটেন্স ও রপ্তানি আয়। শেষ কয়েক মাসে প্রবাসী আয় কিছুটা মন্থর হলেও রপ্তানিখাতে গতিশীলতা ধরে রেখেছে বাংলাদেশ।
তবে রিজার্ভের নিরাপত্তা নিশ্চিত করে বিনিয়োগ সহায়তায় অর্থ কাজে লাগানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীক সংগঠনের নেতারা। এফবিসিসিআই- এর সভাপতি মাতলুব আহমাদ বলেন, ‘আমাদের ক্যাপিটাল এ্যাকাউন্ট খুলে দিতে হবে। প্রয়োজনে ৩০ বিলিয়নের মধ্যে অন্তত ১৫ বিলিয়ন ডলার খুলে দেওয়া হোক। আমরা বিদেশে গিয়ে শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, ইনসুরেন্স করবো। এবং যা বিনিয়োগ করবো তার ১০ গুণ টাকা নিয়ে দেশে ফিরে আসবে।’
আন্তর্জাতিক মানদ- অনুযায়ী ৩ মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রা মজুদ রাখা অর্থনৈতিক স্থীতির জন্য নিরাপদ। সেখানে বর্তমান রিজার্ভ দিয়ে সাড়ে আট মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ।

























































