পূর্বাশা ডেস্ক:
ক্রিকেটে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়ায় বিশেষ অবদানের রাখার জন্য ৩২ জনকে ক্রীড়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যাক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রিকেট টিমকে রয়েল বেঙ্গল টাইগার বলেই হিসাব করে চলে। এক সময় আমাদের ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করা হত। বলা হত, অনেক দেশের প্রধানদের সঙ্গে লবিং করে টেস্ট স্ট্যাটাস এনে দিয়েছি। কিন্তু আমাদের ছেলেরা নিজের যোগ্যতাতেই টেস্ট স্ট্যাটাস পেয়েছিল। ক্রিকেটে বাংলাদেশের ছেলেরা এখন অনেক ভালো করছে। তাই ক্রিকেটে সবাই টাইগারদের হিসাব করে কথা বলে। এখন আমাদের ক্রিকেটে বিশ্ব মানের ক্রিকেটার আছে।
তিনি আরো বলেন, খেলাধুলার সাথে যুব সমাজকে সম্পৃক্ত করতে পারলে তাদের শরীর যেমন সুস্থ থাকবে তেমনি মন-মননে দেশপ্রেম জাগ্রত হবে। এতে তারা সুন্দর মনের অধিকারী হবে।
প্রধানমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রসঙ্গে বলেন, আমরা বিকেএসপিকে আধুনিকায়নের চেষ্টা করেছি। বিকেএসপি ব্যবহার অনুপযোগী হয়ে ছিলো। আমরা তা ব্যবহার উপযোগী করে তুলেছি। সেই সঙ্গে জেলা পর্যায়ে বিকেএসপির শাখা প্রতিষ্ঠার চেষ্টা করছি।
পরিশেষে দেশীয় খেলা রক্ষারও আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশীয় খেলাগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো ধরে রাখার জন্যও ব্যবস্থা করা উচিত। আজকালকার বাচ্চারা ডাঙ্গুলি খেলা চেনে না। কিন্তু এই ধরণের খেলাগুলো তাদের চেনানোর ব্যবস্থা করা উচিত।























































