পূর্বাশা স্পোর্স ডেস্ক:
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও জয়ের তৃষ্ণা এতটুকু কমেনি কৃষ্ণাদের। আজ শেষ ম্যাচেও জয় চায় মেয়েরা। কাল বাফুফের টার্ফে শেষবারের মতো অনুশীলন চলল তাদের ষ প্রথম আলোমহিলা উইংয়ের দুই কর্মকর্তার হাতে বড় কয়েকটি প্যাকেট। কেক, চকলেট, আইসক্রিমভর্তি প্যাকেট নিয়ে হন্তদন্ত হয়ে উঠছিলেন বাফুফে ভবনের চারতলায়। গন্তব্য—বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের ক্যাম্প। হাসতে হাসতে সিঁড়ি ভেঙে তাঁদের সঙ্গে ওপরে উঠলেন মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
দৃশ্যটা যেন প্রতীকী। বাংলাদেশের মেয়েদের ফুটবলও তো এভাবে সিঁড়ি ভেঙে একটু একটু করে ওপরের দিকে এগিয়ে চলেছে।
পরশু একটা স্বপ্নপূরণ হয়েছে বাংলাদেশের মেয়েদের। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে উঠেছে এক ম্যাচ হাতে রেখেই। আজ শুধু নিয়মরক্ষার ম্যাচ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বেলা ১১টায় নির্ভার বাংলাদেশ মুখোমুখি হবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের (চার ম্যাচে এক জয় ও এক হার)। চাপমুক্ত ম্যাচটি মেয়েরা খেলবে মনের আনন্দে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার উদ্যাপন পরশু মাঠেই সেরে ফেলেছে কৃষ্ণা-সানজিদারা। তবে জমিয়েও রেখেছিল কিছু। রাতে রুমে ফিরে গিয়েও নাকি নেচেছে, গেয়েছে।
আড়াই মাস ধরে এই মেয়েরা একসঙ্গে অনুশীলন করছে। গত ঈদে ছুটি মেলেনি। ঢাকায় ক্যাম্পে ঈদ করেছে। কিন্তু এবার ঈদের ছুটি মিলেছে। তবে ঈদের খুশিকেও ছাপিয়ে গেছে চূড়ান্ত পর্বে ওঠার আনন্দ।
মেয়েরা এত দিন বাবা-মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পায়নি। সবার মুঠোফোন জমা ছিল কোচ গোলাম রব্বানী ছোটনের কাছে। কিন্তু পরশু জেতার পর সবাইকে পরিবারের সঙ্গে মিনিট দশেক কথা বলার সুযোগ দেন কোচ।
কলসিন্দুরের মেয়ে সানজিদার বাড়িতে ডিশ কেব্লের সংযোগ নেই। সানজিদার বাবা খেলা দেখতে গিয়েছিলেন পাশের গ্রাম রানীপুরে ডিফেন্ডার শামসুন্নাহারের চাচার বাড়িতে। চীনা তাইপের সঙ্গে ম্যাচের দিন যখনই শামসুন্নাহার পেনাল্টি নিতে গেছে, বাড়ির সবাই নাকি শুধুই দোয়া-কালাম পড়েছে! কাল অনুশীলনের পর শামসুন্নাহার হাসতে হাসতে বলছিলেন, ‘বাবা বলছিলেন, আমি পেনাল্টি মারতে গেলেই সবাই চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করে! অথচ শট নেওয়ার সময় আমি একটুও ভয় পাইনি।’
টাঙ্গাইলের মেয়ে মৌসুমী চূড়ান্ত পর্বে উঠেই তৃপ্ত নয়, ‘কাল যে জয়টা পেয়েছি সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা যে এখানে চ্যাম্পিয়ন হয়েছি, সেটা ধরে রাখতে হবে। এ জন্যই কালকের ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ।’
চূড়ান্ত পর্বে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, জাপান, চীন, উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে। আগামী বছর চূড়ান্ত পর্ব। তবে মৌসুমীর চোখ চূড়ান্ত পর্ব নয়, আরও দূরে, ‘আমরা এখন বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছি। আগে আন্তর্জাতিক ম্যাচে গোল দেওয়ার চেয়ে গোল খেতাম বেশি। এখন দলটা বদলে গেছে।’
পুরো প্রতিযোগিতায় সবার দৃষ্টি কেড়েছে স্ট্রাইকার কৃষ্ণা। চার ম্যাচে সর্বোচ্চ ৬ গোল টাঙ্গাইলের কিশোরীর। অপ্রতিরোধ্য দলটির অধিনায়ক শেষ ম্যাচেও জিততে চান, ‘যেহেতু এটা আমাদের শেষ ম্যাচ, এটাও জিততে চাই। তা ছাড়া আমরা প্রতিপক্ষ কোনো দলকেই দুর্বলভাবে নিচ্ছি না। জয় দিয়েই শেষ করতে চাই।’ কোচ গোলাম রব্বানী ছোটনের চাওয়াও তা-ই, ‘যেহেতু মেয়েরা ধারাবাহিকভাবে একই রকম খেলেছে, আশা করি কালও এর বিচ্যুতি হবে না।’

























































