পূর্বাশা ডেস্ক:
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে, জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদ- কার্যকরের মাধ্যমে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং মামলার বিচার প্রক্রিয়া আরও গ্রহণযোগ্য হয়েছে।
একই সাথে হয়েছে ইতিহাসের দায়মুক্তি। তাই সময় এসেছে, দ্রুত জামায়াতের রাজিনীতি নিষিদ্ধ করার। মীর কাসেমের ফাঁসির প্রতিক্রিয়ায় এসব কথা বলেন, ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন আর গবেষক আফসান চৌধুরী। সেইসাথে, মীর কাসেমসহ সব যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্ত করে, তা জনকল্যাণে খরচের পরামর্শও দেন তারা।
একটা সময় ছিলো যখন ভাবা হতো, দেশে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার আদৌ কি সম্ভব? গত পাঁচ/ছয় বছরে এই প্রশ্নের সমীকরণ পাল্টে গিয়ে একে-একে ফাঁসি হয়ে গেলো হেভিওয়েট যুদ্ধাপরাধীদের।
অনেকে বলতেন, আর সবারটা হলেও বোধয় সালাউদ্দিন কাদেরেরটা হবে না। কিন্তু হয়েছে। এরপর, আবারো সন্দেহ এসে ঠেকলো জামায়াতের অন্যতম রসদ যোগানদার মীর কাসেমে। কারণ, তার কবজায় ছিলো ব্যাংক, বীমাসহ বেশি কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান।
কারি-কারি টাকা ঢেলে দেশ-বিদেশে লবিস্ট নিয়োগ ও তদবির। ফাঁসি ঠেকাতে কোনোটাই বাদ রাখেননি বাঙালী খান নামে পরিচিত এই জামায়াত নেতা। কিন্তু, কিছুতেই যেনো কিছু হলো না। মানবতা বিরোধী অপরাধের দায় নিয়ে, পরাজিত হতে হয়েছে ফাঁসির কাষ্ঠে।
এই দুই বিশ্লেষক, মীর কাসেমে অর্থের উৎস নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন, তেমনি দিয়েছেন সাজা কার্যকর হওয়া সব যুদ্ধাপরাধীদের সম্পদ জনকল্যাণে ব্যয় করার পরামর্শ।
তারা মনে করেন, একেকটি রায় কার্যকরের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে শুরু করেছে দেশ। তবে, এবার জামায়াত ইস্যুতে রাজনৈতিক কাঠামো ঠিক করতে হবে।























































