রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আসন্ন ঈদ কেন্দ্র করে জমে উঠছে ই-কমার্স


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০১৬

benefits-of-ecommerce-600x337-550x309

পূর্বাশা ডেস্ক:

জীবনের প্রতিটি ক্ষেত্রেই বাড়ছে তথ্যপ্রযুক্তির ব্যবহার। এরই ধারাবাহিকতায় দেশের বড় বড় চেইন শপ এবং বিভিন্ন পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতেও ইতোমধ্যে যোগ হয়েছে ই-কমার্স প্রযুক্তি বা অনলাইনে কেনাকাটার সুবিধা। দ্রুত কেনাকাটা করতে পারা এবং নগদ টাকা বহনের ঝুঁকিমুক্ত থেকে ঘরে বসেই মূল্য পরিশোধের সুযোগ থাকায় ভোক্তারা এখন ঝুঁকছেন ই-কমার্সে। দেশে তাই ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ই-কমার্স। আসন্ন কোরবানির ঈদ কেন্দ্র করে তা আরও জমজমাট হয়ে উঠেছে।

ই-কমার্সের ব্যবসা বাড়াতে প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে লেনদেন করার যন্ত্রপাতিও স্থাপন করা হয়েছে, হচ্ছে। এছাড়া ফ্যাশন হাউস এবং জুয়েলারি দোকানগুলোয়ও অনলাইনে লেনদেন হচ্ছে। নিজেদের পণ্য অনলাইনে জনপ্রিয় করতে তারা নিজস্ব ওয়েবসাইট, ফেসবুকসহ বিভিন্ন ওয়েব পোর্টালে নিজেদের নামে পেজ খুলে পণ্যের প্রচার করছে।

প্রতিষ্ঠানের ওয়েব বা ফেসবুক পেজে পণ্য কেনার জন্য অর্ডার দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে ক্রেতারা অনলাইনে পণ্য দেখে অনলাইনেই অর্ডার দিতে পারেন। অনলাইনে পণ্যের মূল্য শোধ করলে প্রতিষ্ঠানের কর্মী মারফত গ্রাহকের ঠিকানায় পণ্য পৌঁছে দেওয়া হয়। অন্যান্য পণ্যের পাশাপাশি এবার অনলাইনে কোরবানির পশু বিক্রির আয়োজন করেছে রাজধানী ও এর পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন খামার কর্তৃপক্ষ। কোরবানির পশুর ছবি, ওজন, রংসহ বিভিন্ন তথ্য অনলাইনে তুলে ধরা হয়েছে তাদের নিজস্ব পেজে বা ওয়েবসাইটে।

ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ জানান, ই-কমার্সের জন্য দেশে প্রায় ৮ হাজার ফেসবুক পেজের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা করছেন। ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংক অনলাইন পেমেন্টের অনুমতি দেওয়ায় এর প্রচার ঘটতে শুরু করে। বর্তমানে প্রতিবছর প্রায় ১ হাজার কোটি টাকার পণ্য লেনদেন হয় ই-কমার্সের আওতায়। আগামী ৫ বছরে এই লেনদেন ৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস ব্লাক অ্যান্ড হোয়াইটের কর্ণধার জুবায়ের হোসেন বলেন, ঈদের সময় স্বাভাবিকভাবেই বিক্রি বেশি হয়। এছাড়া বিভিন্ন ফ্যাশন হাউসে এ সময়ে বিশেষ ছাড় দেওয়ার কারণে ক্রেতাদের আগ্রহও অনেক থাকে।

উদ্যোক্তারা জানান, আন্তঃজেলা বাস সার্ভিস ও ট্রেনের টিকিটও অনলাইনে কেনা যাচ্ছে। ট্রেনের ১০ শতাংশ টিকিট অনলাইনে এবং ১৫ শতাংশ টিকিট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিক্রি হচ্ছে। বাসের মধ্যে গ্রিনলাইন তাদের মোট টিকিটের ৫ শতাংশ অনলাইনে বিক্রি করছে। চাহিদা বাড়লে অনলাইনে টিকিট বিক্রির কোটা আরও বাড়ানো হবে।

ঈদ কেন্দ্র করে নভো এয়ার ঈদের আগে ও পরে বিশেষ ফাইট চালু করছে। আগামী ৭ থেকে ১২ সেপ্টেম্বর এবং ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর এই সার্ভিস চলবে। এর আওতায় ১৩টি বিশেষ ফাইটের ব্যবস্থা করেছে তারা, যার বেশিরভাগ টিকিটই অনলাইনে বিক্রি হয়ে গেছে। বাংলাদেশ রেলওয়েতে বিগত ঈদে অনলাইনে টিকিট বিক্রির সংখ্যা ছিল ৫ হাজার ২৫০টি। এবারের ঈদে ৫ হাজার ৮৭৫ টিকিট বিক্রি করার জন্য বরাদ্দ রাখা হয়েছে।

জাতিসংঘের হিসাব মতে বর্তমানে দেশে প্রায় দেড় কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে। এর মধ্যে প্রায় ৮০ হাজার লোক স্মার্ট ফোনের মাধ্যমে এবং বাকিরা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। তারা সবাই ই-কমার্সের সেবা নিতে পারে; কিন্তু সচেতনতা ও অবকাঠামোর অভাবে সবাই ই-কমার্সের সুবিধা ভোগ করতে পারছে না।

কোরবানির ঈদে সবচেয়ে বড় আকর্ষণ থাকে পশু। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটে ৪০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা দামের গরু পাওয়া যাচ্ছে। এছাড়া ছাগলের দাম হাঁকা হচ্ছে ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। বিক্রয় ডটকম, এখানেই ডটকমসহ আরও অনেক সাইটে কোরবানির পশু বিক্রির ব্যবস্থা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি