মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসিবিহীন আর্জেন্টিনার অল্পে রক্ষা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৬

241366_1-550x307

পূর্বাশা স্পোর্স ডেস্ক:

বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে ছিল আর্জেন্টিনা। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে সেই ছন্দটা কিছুটা হলেও ধরে রাখতে ব্যর্থ হয়েছে মেসিহীন আকাশী-নীলরা। বুধবার স্বাগতিক ভেনেজুয়েলার বিপক্ষে এগার্ডো বাউজার শিষ্যরা ২-২ গোলে ড্র করেছে।

বাংলাদেশ সময় বুধবার সকালে ভেনেজুয়েলার মেরিদায় অনুষ্ঠিত ম্যাচটিতে এই ম্যাচের মাধ্যমে ১ পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা।

দলে আগে থেকেই ছিলেন না গনসালো হিগুয়াইন। চোট পেয়ে ছিটকে যান সের্হিও আগুয়েরো ও গত বৃহস্পতিবার উরুগুয়ের বিপক্ষে জয়সূচক গোল করা লিওনেল মেসি। ওই ম্যাচেই তরুণ ফরোয়ার্ড পাওলো দিবালা লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হন।

আক্রমণভাগে তারকাদের ছাড়া খেলতে নেমে শুরু থেকেই ভুগতে হয় দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের। প্রথম সাত রাউন্ডের একটিতেও জিততে না পারা ভেনেজুয়েলা উল্টো পরীক্ষায় ফেলে আর্জেন্টিনার রক্ষণকে।

৩৫তম মিনিটে চমৎকার এক গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। বাঁ দিক দিয়ে কয়েক জন খেলোয়াড়ের মধ্যে একটু আড়াআড়ি দৌড়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে ডান পোস্ট দিয়ে বল জালে জড়ান হুয়ান পাবলো আনোর।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে সে যাত্রায় দারুণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে আর্জেন্টিনাকে গোল খাওয়া থেকে বাঁচান ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার পাবলো সাবালেতা।

৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভেনেজুয়েলা। ডি-বক্সের ভেতরে বাঁ দিক থেকে ফরোয়ার্ড সলোমোন রনদোনের পাস পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন হোসেফ মার্তিনেস। আগেভাগেই বাঁয়ে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক সের্হিও রোমেরোর কিছুই করার ছিল না।

পাঁচ মিনিট পর ব্যবধান কমিয়ে আর্জেন্টিনাকে লড়াইয়ে ফেরান লুকাস প্রাতো। তার প্রথম শট প্রতিপক্ষের পায়ে লাগার পর ফিরতি বল ধরে গোলরক্ষককে পরাস্ত করেন আতলেতিকো মিনেইরোর এই ফরোয়ার্ড।

৮৩তম মিনিটে আনহেল দি মারিয়ার কর্নার ছয় গজ বক্সের মধ্যে পেয়ে ভলিতে দলকে সমতায় ফেরান নিকোলাস ওতামেন্দি।

৮৯তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার মোক্ষম সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা। কিন্তু কাছ থেকে ডিফেন্ডার মিকেল ভিইয়ানুয়েভার শট পোস্ট লাগলে বেঁচে যায় আর্জেন্টিনা।

আট ম্যাচে এদগার্দো বাউসার দল আর্জেন্টিনার পয়েন্ট ১৫।

আগের ম্যাচে প্যারাগুয়েকে ৪-০ গোলে হারায় উরুগুয়ে। আট ম্যাচে তাদের পয়েন্ট ১৬।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি