শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় কামারদের ব্যস্ততা বাড়লেও ক্রেতা কম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৬

kamar-4

ইমতিয়াজ আহমেদ জিতু:

হাতেগোনা আর মাত্র কয়েকদিন বাকী এরপরেই ঈদুল আজহা। মুসলমানরা পশু কোরবানির কাজে ব্যবহারের জন্য দেশীয় অস্ত্র কিনতে সমাবেত হয় কামারশালায়।

সারা বছর বেকার থাকলেও কোরবানির ঈদের সময় তাদের মোটাম‍ুটি আয় রোজগার হয়। তাদের মধ্যে ফিরে আসে প্রাণচাঞ্চল্য।

১৩ সেপ্টেম্বর কোরবানির ঈদ। তাই কামাররা অস্ত্র তৈরিতে ব্যস্ত, কিন্তু এখনো আশানুরূপ ক্রেতার দেখা পাননি তারা। তাই চিন্ত‍ার ভাঁজ পড়েছে তাদের কপালে। এক প্রকার হতাশাই বিরাজ করছে কামারদের মধ্যে।

সরেজমিন ঘুরে কামারদের সঙ্গে কথা বলে সেরকমই জানা গেল।

কুমিল্লা জেলাজুড়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় আড়াই শতাধিক কামারের দোকান। ৮২ বছরের পুরনো নগরীর চকবাজার কামারপাড়া জেলার সবচেয়ে প্রাচীন কামারপাড়া হিসেবে পরিচিত। এ কামারপাড়ায় রয়েছে ৪০টি কামারের দোকান।

এছাড়াও রাজাপাড়া, রাজগঞ্জ, ইপিজেড রোড, রানির বাজার, দেশওয়ালিপট্রি, বিবির বাজারে বিচ্ছিন্নভাবে রয়েছে কিছু কামারের দোকান।

kamar-6তাছাড়া জেলার বড়–রা থানার পশ্চিমবাজারে পাঁচটি, চান্দিনার মধ্যমবাজারে ১১টি, দেবিদ্বার পুরাতনবাজার থানা সংলগ্ন পাঁচটি, চৌদ্দগ্রামের মিয়াবাজার ও তার আশেপাশে ২৩টি, বুড়িচংয়ে ১২টি, ব্রাক্ষণপাড়ায় সাতটি, লাকসামে আটটি কামারের দোকান ছাড়াও অন্যান্য থানায় আরোও শ’খানেক কামার ও অস্ত্র সান দেওয়ার দোকান রয়েছে।

জেলার সর্বত্রই ছোট ছোট কামারের দোকানগুলো গড়ে উঠেছে। তবে প্রায় দোকানগুলোই ভাঙাচোরা। ছোট ছোট কামার দোকানগুলোর দৃশ্য যেন ছেলেবেলার সেই পাঠ্যবইয়ের গ্রাম্য কামারশালার প্রতিচ্ছবি। শুধু চারপাশে গ্রামের সেই শ্যামল পরিবেশের ছোঁয়া নেই। কামারের দোকানগুলোর আশপাশে রয়েছে ময়লা-আর্বজনার ছোপ, ধোঁয়া আর ধূলা।

কোরবানির পশু কেনার পাশাপাশি দা, ছুরি, কাঠের খাইট্যা, চাপাতি, বটি ইত্যাদি সরঞ্জাম কেনার জন্য মৌলভি থেকে শুরু করে ভাড়ায় মাংস কাটেন এমন পেশাদার কসাইরাও দা, ছুরি কেনার জন্য ছুটে যান কামারের দোকানে।

চকবাজারের কামার সুকুমার কর্মকার ও প্রতাপ কর্মকার জানান, ঈদ উপলক্ষে লোহা ও কয়লার দাম বেড়ে গেছে। এক সময় ১৫/২০ টাকায় এক টিন কয়লা পাওয়া যেত। লোকজন আমাদের দোকানে এনে বিক্রি করে যেত। আর এখন তা ৫০ টাকায় কিনতে হয়, তারপরেও কয়লা পাওয়া যায় না। বাড়িতে বাড়িতে এখন মানুষ গ্যাসে রান্না করায়  কয়লা সংকট দেখা দিয়েছে।

বর্তমানে ৪০ টাকা দরে লোহা এবং ১০০ টাকা দরে স্প্রিং লোহা কিনে একটি চাপড়ের বেশি তৈরি করা যায় না। তাছাড়া কারিগরের বেতনও বেশি দিতে হয়। ফলে ব্যবসা লোকসানে পরিণত হয়েছে। এছাড়া বছরের ১১ মাসই তাদের বেকার সময় কাটাতে হয়। এ কারণে এ পেশা থেকে সরে যাচ্ছেন কারিগররা। এবারের ঈদে ক্রেতাদের উপস্থিতি নগণ্য বলেই চিন্তাটা আরো ভারি হয়েছে।

দিলীপ কর্মকার বলেন, ঈদের সময়ই আমাদের যা ব্যবসা হয়। কিন্তু নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় লোহার ছুরি ৬০ টাকা, রেতের ছুরি ১৫০ টাকা, চাপাতি ৩০০ থেকে ৩৫০ টাকা, লোহার দা ৩০০ টাকা, স্প্রিং এর দা ৫০০ টাকা, বটি ১৫০ থেকে ৩০০ টাকা, চাপড় ১৫০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

তিনি আরো বলেন, ঈদের আর চারদিন বাকি থাকলেও এখনো তেমন ক্রেতার দেখা মেলেনি। তাই চিন্তায় আছি। যে সব জিনিসপত্র তৈরি করেছি, তা বিক্রি হবে কিনা।

চকবাজার কামারশালার রাজু কর্মকার বলেন, ১১ মাসের কষ্টকর জীবনের পর একটি মাসের কিছু দিন আমরা বেশ ভালো থাকি। ঈদের ১০/১৫ দিন আগে থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত ভালোই বেচাকেনা হয়। এ সময় কোনো কোনো দোকানে দিনে ৩০/৩৫ হাজার টাকাও বেচাকেনা হয়। কিন্তু এবারের চিত্র ভিন্ন। এখনো ক্রেতা সমাগম তেমন একটা নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি