ডেস্ক রিপোর্ট :
বাম দলের নেতারা বলেছেন, যারা বিকল্প রাজনীতির পক্ষে কথা বলেন-তারা এখনো এক মত ও এক পথে আসতে পারছেন না- যার ফলে বাম বিকল্প তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে উঠছে না। শুক্রবার বাম দলের নেতাদের সঙ্গে আলাপকালে তারা এ মন্তব্য করেন।
সূত্রমতে, নানা প্রতিকূলতার কারণে দীর্ঘদিনেও বাম দলগুলো কিছুই করতে পারেনি। বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় শক্তি সৃষ্টির ঘোষণা তাদের শুধু মাত্র কাগজে কলমে সীমাবদ্ধ রয়েছে। বাম দলগুলো দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হয়ে উঠতে পারছে না নিজেদের মধ্যে বিরোধ আর অব্যাহত বিষোদ্গারের কারণে। তাছাড়া ‘বাম ধারার রাজনীতিতে মস্কো ও পিকিংপন্থীর দ্বন্দ্বে ‘বিকল্প শক্তি’ গড়ার ক্ষেত্রে বাম দলগুলো সফল হতে না পারা অন্যতম কারণ। তবে বাম ধারার দলগুলোর বিকল্প তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ার এখনো যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অথচ বাম ধারার দলগুলোর সে চেষ্টা সঠিকভাবে হচ্ছে না।
সূত্র আরও জানায়, দেশের বাম ধারার দলগুলো তৃতীয় শক্তির ধোঁয়া তুললেও ‘এক নেতার এক দল’ মস্কো ও পিকিংপন্থী বিরোধের কারণে তাদের ঐক্যবদ্ধ হওয়া কঠিন হয়ে পড়েছে। বাম দলগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে তারা বড় দুই দলের বিকল্প শক্তি হিসেবে তৃতীয় শক্তি অর্জন করতে সক্ষম হবে। তবে, প্রশ্ন হলো তারা কি তৃতীয় শক্তি হিসেবে আবির্ভাবের চেষ্টা করবেন, না ঘুমিয়েই থাকবেন?
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত স্তরে স্তরে কায়েমী স্বার্থবাদী ও লুটেরা গোষ্ঠীর একটি শক্তিশালী কাঠামো গত ৪৫ বছরে তৈরি হয়েছে। এরা সর্বস্তরে শাসক দলকে কেন্দ্র করে এদের একটা বড় অংশ আবর্তিত হয়, অপর অংশ ভবিষ্যতে লুটপাটের আশায় ভিন্ন অবস্থান গ্রহণ করে। জনগণের সমস্যা বাদ দিয়ে বা এড়িয়ে তারা বাদানুবাদে লিপ্ত হয়ে মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করে। প্রচার মাধ্যমও তাদের এ অবস্থাকে সার্বক্ষণিক জনসমক্ষে তুলে ধরে- যার ফলে জনগণের বিকল্প শক্তি গড়ে ওঠার এবং তাদের কার্যকলাপ দৃশ্যমান করা কঠিন হয়ে পড়ে। পাশাপাশি বিকল্প রাজনীতির পক্ষে যারা কথা বলেন, তাদের সবাই এখনো এক মতে, এক পথে আসতে পারছেন না। সিপিবি-বাসদ এ ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে বিকল্প শক্তির কিছুটা দৃশ্যমান অবস্থান ও অস্তিত্ব দৃষ্টিগোচর হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, সাংগঠনিক দুর্বলতার কারণে দেশের বাম বিকল্প তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে ওঠার জন্য এখনো সকাল হয়নি। তবে, সহসাই আওয়ামী লীগ ও বিএনপির বিপরীত বাম বিকল্প তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে ওঠবে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাম দলগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে, আমি আশাাদী রাজনৈতিক লক্ষ্য নিয়ে অচিরেই দেশে বাম বিকল্প তৃতীয় রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে পারবো। তিনি বলেন, ঐক্যমত্যের জোট ও জোটের বাইরে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা দরকার। আগামী কয়েক মাসের মধ্যে আশা করি আমরা তা পারবো।























































