মোঃ রাসেল সোহেলঃ
প্রায় তিন বছর ধরে পরিত্যক্ত কুমিল্লার মুরাদনগরের বাবুটিপাড়া ইউপি’র ১৪৩ নং রামপুর (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। গাছ তলায় চলছে পাঠদান। আর তাই এই স্কুলের শিক্ষার্থীদের রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নিতে হচ্ছে পাঠদান। ১৯৪০ সালে নির্মান করা এ ঐতিহ্যবাহী স্কুলটি ২০১৩ সালের এপ্রিল মাসে পরিত্যক্ত ঘোষনা করে কর্তৃপক্ষ। তারপর থেকে আজও গাছ তলায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পাঠদান নিতে হচ্ছে স্কুলেপড়ুয়া প্রায় ৩৬৩ জন কোমলমতি শিক্ষার্থীদের।
সরজমিনে গিয়ে দেখা যায়, পরিত্যক্ত ভবনটির পশ্চিম পার্শ্বে একটি বাড়ির আঙ্গিনায়, গাছ তলায় ও পাশে টিন দিয়ে বানানো এক চালায় শিক্ষা কার্যক্রম চলমান রাখা হয়েছে। এক প্রকার নিরুপায় হয়েই পাঠদান চলছে এই স্কুলটিতে। পরিত্যক্ত ভবনটি পুনঃনির্মান না হওয়ার কারণে বিদ্যালয়টি থেকে প্রতি বছরই ছাত্র-ছাত্রীর সংখ্যা কমছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে এলেও স্কুলটির ভবন পুনঃনির্মাণের কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাঝে-মধ্যে স্কুলটির পরিচালনা কমিটি নিজেদের উদ্যোগে কিছু সংস্কার করেছে। তাও পর্যাপ্ত নয়।

বিদ্যালয়ের পড়ুয়া কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী জানায়, একটু বৃষ্টি হলেই বই, খাতা ভিজে যায়। এজন্য আমরা ক্লাস করতে পারি না। আমাদের খুব কষ্ট হয়। ইচ্ছে করে না স্কুলে আসতে।
সহকারী শিক্ষক নাজমা আক্তার বলেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ছাত্র-ছাত্রীদের সাথে আমাদেরও স্কুলের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এক কথায় ক্লাস নেয়ার মতো কোনো পরিবেশই নেই এই স্কুলে।
স্কুলের প্রধান শিক্ষিকা সুমিত্রা পাল বলেন এভাবে খোলা জায়গায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পাঠদানে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে। বিদ্যালয়টি দ্রুত পুনঃনির্মানের প্রয়োজন, তা নাহলে ছেলে মেয়েদের মনোযোগ নষ্ট হলে তারা স্কুল বিমুখ হয়ে পড়বে।
বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন বলেন, আমি গত কমিটিতে অত্র স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম। আমি কমিটিতে থাকাকালীন উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ, সরকারের উর্ধ্বতন অনেকের সাথেই এ ব্যপারে কথা বলেছি তারা আশা দিলেও এখনও তার সুফল পাইনি।
এ ব্যাপারে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মাহবুব জানান, মুরাদনগর উপজেলায় ১৪৩ নং রামপুর ( দঃ ) সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১১/১২ স্কুল ভবন অতি ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি। তার মধ্যে ৭/৮ স্কুলের ভবন করার অনুমোদন এসেছে । ১৪৩ নং রামপুর (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদনও খুব শীঘ্রই চলে আসবে বলে আশা করি ।


















































