শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এবারের ঈদযাত্রায় ভোগান্তি-নৈরাজ্য বেড়েছে : যাত্রী কল্যাণ সমিতি


এবারের ঈদযাত্রায় ভোগান্তি-নৈরাজ্য বেড়েছে : যাত্রী কল্যাণ সমিতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৯.২০১৬

strike_kal-550x367

পূর্বাশা ডেস্ক:

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, ফিটনেসবিহীন বাস ও লঞ্চ বন্ধের দাবি জানিয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, এবারের ঈদযাত্রায় ভোগান্তি ও নৈরাজ্য বেড়েছে।

শনিবার সকালে রাজধানীর তোপখানাস্থ নির্মলসেন হলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশে ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায়, ব্যক্তিগত পরিবহন ও ছোট পরিবহণ বিশেষ করে রিক্সা, অটোরিক্সা, ব্যাটারী চালিত রিক্সা, নছিমন-করিমন, হিউম্যান হলার, পিকআপভ্যানের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় সড়ক-মহাসড়কে যানজট বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, প্রতিবছর ঈদে গণপরিবহণ সংকটকে পুঁজি করে ফিটনেসহীন বাস, ট্রাক, লেগুনা, টেম্পু, মাইক্রোবাস, কার, নছিমন-করিমন, সিটিসার্ভিসের বাস দূরপাল্লায় যাত্রী পরিবহণে নেমে পড়ে। এসব যানবাহণ রাস্তায় নষ্ট হয়ে যানজট ও ভোগান্তি সৃষ্টির পাশাপাশি দূর্ঘটনা ঝুঁকিও বেড়ে যায়। এসব যানবাহন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় তিনি।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, এবারের ঈদে নৌ-পথে ভয়াবহ দুর্যোগপূর্ণ মৌসুম চলছে। কিন্তু প্রতিবছর ঈদে লঞ্চগুলো ধারণ ক্ষমতার ৫-৬ গুণ বেশি যাত্রী নিয়ে যাতায়াত করে। একইসঙ্গে নৌ-পথে অতিরিক্ত পানির কারণে বয়া, বাতি সিগন্যাল মুছে যাওয়ায় অনেক নৌ-পথ ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। এসব নৌ-পথে ফিটনেসবিহিন, ঝুকিপূর্ণ লঞ্চ চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, গণপরিবহণ বিশেষজ্ঞ ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক আবদুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ’র সভাপতি কবীর চৌধুরী তন্ময়, ভাড়াটিয়া পরিসদের সভাপতি বাহরানে সুলতান বাহার, যাত্রী কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রাকিব ও কাজী আমান উল্লাহ মাহফুজ প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি