পূর্বাশা ডেস্ক:
জিয়াউর রহমানের শাসনামল আদালতের রায়ে অবৈধ ঘোষণা করাকে কেন্দ্র করে সরকার ধীরে ধীরে জিয়াউর রহমানের সব স্মৃতি চিহ্ন মুছে ফেলতে চাইছে। এমনকি তার বীর উত্তম উপাধিও বাতিল করার চিন্তাভাবনা করছে। সেই সঙ্গে ঢাকা থেকে তার কবর সরিয়ে তা বনানী সামরিক কবরস্থান কিংবা মিরপুরে স্থানান্তর করার পরিকল্পনা করলেও এখন আর তা করছে না। তার কবর নিয়ে যাওয়া হতে পারে বগুড়ায় তার বাড়ির কাছে কোন কবরস্থানে। সরকারের নীতি ঢাকার মাঠিতে জিয়ার কবর রাখা যাবে না। বিশেষ করে ওই কবরে জিয়ার কোন চিহ্ন নেই মনে করছে সরকার। আর এই কারণে সরকার এগুলো মুছে ফেলতে চাইছে। এই খবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কানেও পৌঁছেছে। তারা সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাইছে। এই জন্য সারা দেশে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা করছে। কিন্তু মাঠের নেতাদের কাছ থেকে এখনও মাঠে নামার মতো কোন সংকেত তারা পায়নি।
সূত্র জানায়, খালেদা জিয়া ও তারেক রহমান জানতে পেরেছেন, মাঠের অনেক নেতাদের মধ্যে হতাশা রয়েছে। নতুন কমিটিতে সুবিধাজনক ও পছন্দমতো পদ না পাওয়া ও একই পরিবারের একাধিক নেতাকে কেন্দ্রীয় কমিটিতে রাখায় ও তারা স্থান না পাওয়ায় অনেক নেতার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই অবস্থায় নেতাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও দ্বন্ধও রয়েছে। এই সময়ে নেতারা পুলিশের বাঁধা উপক্ষো করে ও তাদের মোকাবিলা করে মাঠে নামতে চাইছে না। অবস্থা বিবেচনা করে খালেদা জিয়া ও তারেক রহমান বিষয়টি নিয়ে চিন্তিত।
বিএনপির সিনিয়র একজন নেতা বলেন, সরকার ও পুলিশের বাঁধার কারণে জিয়াউর রহমানের পদক বাতিল ও তা জাদুঘর থেকে সরিয়ে নেওয়ার পরও হরতাল সফল হবে না এই আশঙ্কায় হরতাল দেওয়া সম্ভব হয়নি। কেবল বিক্ষোভ কর্মসূচী দেওয়া হয়েছে। আর এখন হরতাল দিলে সেই হরতাল সফল না হলে সমস্যা হবে। এই কারণে আপাতত কোন কঠোর কর্মসূচী দিচ্ছে না।
তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়, জিয়ার সব চিহ্ন সরকার মুছে ফেলতে চাইছে। এর পরিণতি ভালো হবে না। বিএনপি ক্ষমতায় আসতে পারলে তারাও প্রতিশোধ পরায়ণ হবে। এই ব্যাপারে বঙ্গবন্ধুরও সব চিহ্ন মুছে ফেলা হবে। আজকে তারা যা করছে জিয়াউর রহমানকে নিয়ে এর চেয়েও করুণ পরিণতি করা হবে আওয়ামী লীগের ও বঙ্গবন্ধুর।
ওই সূত্র জানায়, খালেদা জিয়া ও তারেক রহমান এখনও চান সরকার এই পথ থেকে সরে আসবে। জিয়ার চিহ্ন মুছে ফেলার পরিকল্পনা বাতিল করবে। সরকার যদি তা বুঝে তাহলে কোন সমস্যা নেই। নাহলে এই পরিণতি আওয়ামী লীগকে ভুগতে হবে।
সূত্র জানায়, খালেদা জিয়া ও তারেক রহমান আপাতত কোন রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে চাইছেন না। দলের সাংগঠনিক অবস্থা বিবেচনা করে তারা ধীরে চলা নীতি অনুসরণ করছেন। কিন্তু এখন তাদেরকে মাইনাস করার ফর্মুলা সরকার প্রায় বাস্তবায়নের পথে নিয়ে যাচ্ছে। জিয়াউর রহমানের ইতিহাস মুছে ফেললেই জনগণের মন থেকে তাকে মুছে ফেলা যাবে না।
খালেদা জিয়ার ঘনিষ্ট একজন নেতা বলেন, পবিত্র হজ পালনের পাশাপাশি মা ও ছেলে তাদের পাবিরবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি দলীয় বিষয়ে আগামী দিনের করণীয় নিয়ে কথা বলবেন। তারেক রহমানের সঙ্গে এনিয়ে খালেদা জিয়ার পরামর্শ করবেন। বিশেষ করে জিয়াউর রহমানের পদক বাতিল, কবর সরানো, তার সব চিহ্ন মুছে ফেলাকে কেন্দ্র করে জনগণকে নিয়ে একটা প্রতিরোধ গড়ে তুলতে চাইছে। এই জন্য তারা একটু একটু করে জনসচেতনতা তৈরি করতে চাইছে। তবে তারা বিষয়টিকে আন্তর্জাতিকভাবে কাজে লাগাতে চাইছে। বিএনপির ও বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে এগুলো তুলে ধরে তারা সব জানানোর পরকিল্পনা করেছে। যাতে করে আন্তর্জাতিকভাবে সরকারের উপর চাপ তৈরি হয় সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, জিয়া একজন অপরাধী। তিনি রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে দখল করেছেন। এটা আদালতের রায়। আবার তার পদক বাতিল করে তা সরিয়ে নিয়ে এবং তার কবর সরিয়ে নিচ্ছি। এছাড়াও তার যত রকম উপাধি ও পদক আছে সেগুলোও পর্যায় ক্রমে বাতিল করা হবে। তার বীর উত্তম খেতাবও প্রয়োজনে বাতিল করা হতে পারে। আমরা তার সব কিছুই মুছে ফেলতে চাই। কারণ তিনি একজন অপরাধী হয়ে এই দেশে অনেক ক্ষতি করেছেন। স্বাধীনতা যুদ্ধেও তার ভূমিকা বিতর্কিত। এনিয়েও অনেক কথা আমরা শুনছি। সেই হিসাবে তার এই অবদানকে তখন স্বীকৃতি দেওয়া হলেও এখন নতুন করে তা নিয়ে আমরা ভাবছি। ইতোমধ্যে আমরা অনেক কিছুই বাদ দিয়েছি। আরো করবো। তিনি বলেন, জিয়ার কোন চিহ্নই থাকবে না।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদক বাতিল করে ও তার কবর সরিয়ে দিয়ে জনগণের মন থেকে তাকে মুছে ফেলা যাবে না। আমরা জনগণকে পাশে নিয়েই এইসবের মোকাবিলা করবো। তিনি বলেন, এই সরকার অনির্বাচিত সরকার। স্বৈরাতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে। এই জন্য যা খুশী তাই করছে এই ভাবে বেশি দিন চলতে পারে না। আমরা সরকারের এই সব অপেচেষ্টা রুখে দিবো।
উল্লেখ, খালেদা জিয়া এখন তার পুরো পরিবার নিয়ে সৌদি আরবে আছেন। সেখানে তিনি তার পরিবারের সদসদের বিভিন্ন বিষয়ে কথা ভরা ছাড়াও তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলছেন। এর পাশাপাশি তারা আগামী নির্বাচনের এজন্য প্রস্তুতির বিষয় নিয়ে কথা বলবেন।























































