শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ঈদ রাজনীতিতে সরব আ’ লীগ, চুপ বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০১৬

9_34976

ডেস্ক রিপোর্ট : সম্ভাব্য জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে জমে উঠে ‘ঈদ রাজনীতি’। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী নেতারা এখন মাঠে-ময়দায়ে বেশ তৎপর। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আগাম প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পোস্টার ও ডিজিটাল ব্যানার টানিয়ে ঈদ শুভেচ্ছা দিচ্ছেন। জনপ্রতিনিধির কাছে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠাচ্ছেন। শুভেচ্ছা উপহারও দিচ্ছেন।

ক্ষমতাসীন দলের অধিকাংশ সংসদ ও কেন্দ্রীয় নেতারা নিজ এলাকায় ঈদ করবেন। কেউ কেউ ঈদ করবেন ঢাকায়, আবার অনেকেই ঢাকা ও নির্বাচনী এলাকা- দুই জায়গায়ই ঈদ করবেন। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, জেলা পরিষদ নির্বাচনের জন্য ভোটার তালিকা এখনো চূড়ান্ত হয়নি। জেলা প্রশাসন থেকে নির্বাচনী ওয়ার্ড ঘোষণার জন্য সীমানা নির্ধারণের কাজ চলছে। সীমানার গেজেট প্রকাশিত হলেই শুরু হবে তফসিল ঘোষণার তোড়জোড়। সব মিলিয়ে আগামী ডিসেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এলাকায় সময় দিচ্ছেন। ফলে ‘ঈদ রাজনীতি’ এবার জমে উঠেছে।

অথচ এর আগে গত ঈদে আওয়ামী লীগের সংসদ সদস্য ও নেতারা ঈদ পার করেছেন অনেকটা গোপনে। কারণ তাঁরা জানেন, দল যেহেতু ক্ষমতায় তাই নেতা-কর্মীরা সংসদ সদস্যদের কাছে ঈদে কিছু আশা করেন। সাধারণ মানুষেরও আশা আছে। এ কারণে সরকারি দলের নেতারা টাকা খরচ হওয়ার ‘ভয়ে’ গত ঈদুল ফিতরে তৎপরতা দেখায়নি।

এদিকে গত কয়েক বছরের মতো এবার দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নেতাদের কাটছে নিরানন্দ ঈদ। দলটির চেয়াপারসন থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বেশির ভাগ নেতা রয়েছেন কোনো না কোনো ঝামেলায়। মামলা-মোকদ্দমা, কারাবাস, গুটিয়ে যাওয়া ব্যবসা-বাণিজ্যে, গ্রেফতার এড়াতে আত্মগোপন, হুলিয়া তো আছেই সঙ্গে যোগ হয়েছে জাতীয় কাউন্সিলের পর কমিটিতে কাক্সিক্ষত পদ না পাওয়ার যন্ত্রণা।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পবিত্র ঈদুল আজহা পালন করবেন সৌদি আরবে। তিনি বর্তমানে হজ পালন করতে সৌদি আবর রয়েছেন।

বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর দলটির বেশির ভাগ নেতাই এবার ঈদ করবেন নিজ নিজ নির্বাচনি এলাকায়। প্রতিবার বেশির ভাগ নেতারা দলীয় প্রধান খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য ঢাকায় ঈদ করেন। কিন্তু তিনি দেশে না থাকায় বেশির ভাগ নেতারাই এলাকায় ঈদ করবেন বলে জানা গেছে।

আর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঈদ করবেন সরকারি বাসভবন গণভবনে। আর দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সরকারি কাজে লন্ডনে অবস্থান করায় এখনো অনিশ্চিত ঈদ কোথায় করবেন তা নিয়ে। প্রধানমন্ত্রী অন্যান্য বছরের মতো এবারো ঈদের দিন সকালে গণভবনে তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এসময় তার সঙ্গে থাকবেন সরকার ও দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি