ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরের সময় বাড়ছে। তিনি দেশে ফিরতে পারেন ২১ সেপ্টেম্বর। তিনি হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সৌদি আরবে আরো কয়েকদিন থাকবেন। এই সময়ে তিনি সৌদি বাদশার রাজকীয় অতিথি হিসেবে সেখানেই থাকবেন ও চিকিৎসা নিবেন।
খালেদার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, খালেদা জিয়া হজের পরে সেখানে চিকিৎসা নিতে পারেন। এই কারণে তার ফিরতে আরো কয়েকদিন সময় লাগবে। তার চিকিৎসার জন্য লন্ডনে যাওযার কথা রয়েছে। তবে আপাতত সেখানে যাচ্ছেন না। তিনি সৌদি আরবে তার চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিবেন।
বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তার পুত্র তারেক রহমান, তার স্ত্রী ডা: জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, ছোট পুত্র বধু শর্মিলা রহমান সিঁথি ও তার দুই কন্যা রয়েছেন। তারাও তার সঙ্গে সেখানে অবস্থান করবেন।
সূত্র জানায়, খালেদা জিয়া চিকিৎসার পাশাপাশি সেখানে সৌদি আরবের বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এই বারের কাউন্সিলে সৌদি আরব থেকে দুই জনকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা দুইজনই আন্তর্জাতিক সম্পদকের পদ পেয়েছেন। সৌদি আরবের সঙ্গে বিএনপির ও বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করার জন্য তারা কাজ করছেন। খালেদা জিয়া তাদের সঙ্গে বৈঠক করে দিক নির্দেশনা দিবেন। সেখানে বিএনপির নতুন কমিটিও গঠন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন এখন হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনায় আছেন। তার পরিবারের সদস্যরা তার সঙ্গে রয়েছেন।
বিএনপির সূত্র জানায়, খালেদা জিয়া ২০ সেপ্টেম্বর সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন। দেশে পৌঁছুবেন ২১ সেপ্টেম্বর। আর তারেক রহমান তার পরিবার ও কোকোর পরিবারের সদস্যদের নিয়ে ২০ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হবেন। তারা সবাই সেখানে পৌছুঁবের ২১ সেপ্টেম্বর।























































