শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভেঙে পড়েছে নতুন জেএমবির নেটওয়ার্ক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০১৬

th-400x225-1

পূর্বা্শা ডেস্ক:

* মেজর জাহিদের ডায়েরি ও নোট বুকের তথ্য বিশ্লেষণ * জব্দ হচ্ছে জাহিদের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট * লাশ নিতে আগ্রহী জঙ্গি করিমের বাবা*
ডেস্ক রিপোর্ট : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের নতুন ধারার (নিউ জেএমবি) নেটওয়ার্ক ভেঙে পড়েছে। পুলিশের কয়েকটি সফল অভিযানে সংগঠনটির সমন্বয়কারী তামিম আহমেদ চৌধুরীসহ প্রথম সারির তিন নেতা নিহত হওয়ার পর সংগঠনটিতে অর্থ সংকট দেখা দিয়েছে। এ কারণে তারা আবারও ডাকাতি-ছিনতাইয়ের পরিকল্পনা করছে। বিশেষ করে ব্যাংক ডাকাতির মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা জঙ্গিদের।

আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে মেজর (অব.) জাহিদুল ইসলামের একটি ডায়েরি ও দুটি নোট বুক উদ্ধারের পর সংগঠনটির পরিকল্পনার বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। আস্তানায় মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার ইসলামের নামে একটি ব্যাংক অ্যাকাউন্টের জমা স্লিপ ও চেক বইও পাওয়া যায়। এই অ্যাকাউন্ট জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

আজিমপুরের ঘটনার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে অভিযানের সময় আত্মঘাতী জঙ্গি তানভির কাদেরি ওরফে আবদুল করিম ওরফে শিপারের লাশ নিতে চান তার বাবা বাতেন কাদেরি। তবে পরিবারের অন্য সদস্যদের এ বিষয়ে আপত্তি রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, নিউ জেএমবির নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে গেছে। তদন্তে যেসব দুর্র্ধষ জঙ্গির তথ্য পাওয়া গেছে এদের অনেকেই অভিযানে নিহত হয়েছে। অন্য নেতাদের বিষয়ে তথ্য সংগ্রহ করে গ্রেফতারের চেষ্টা চলছে।

তদন্তকারী সংস্থা সূত্র বলছে, ১০ সেপ্টেম্বর আজিমপুরের আস্তানায় অভিযানের সময় নিউ জেএমবির অন্তর্র্বতীকালীন সমন্বয়ক তানভির কাদেরি ওরফে আবদুল করিম আত্মহত্যা করে। অভিযানের পর সেখান থেকে সংগঠনটির জঙ্গি প্রশিক্ষক মেজর (অব.) জাহিদুল ইসলামের একটি কালো রঙের ডায়েরি ও দুটি নোট বুক উদ্ধার করা হয়েছে। ডায়েরি ও নোট বুকের তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে। এতে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং অনেক দুর্র্ধষ জঙ্গির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। ওই আস্তানা থেকে জঙ্গিদের ব্যবহৃত চারটি ভাঙা ল্যাপটপ ও একটি পেনড্রাইভ পাওয়া গেছে। এই ল্যাপটপগুলো দিয়ে দেশে এবং দেশের বাইরের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হতো। এগুলো ফরেনসিক পরীক্ষা করলে আরও অনেক ক্লু মিলতে পারে। আদালতের অনুমতি পেলে এগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ল্যাবে পাঠানো হবে। আস্তানায় জাহিদের স্ত্রী জেবুন্নাহার ইসলামের ট্রাস্ট ব্যাংকের একটি জমা স্লিপ বই এবং একটি চেক বই পাওয়া যায়। এই অ্যাকাউন্ট সম্পর্কে জানার চেষ্টা চলছে। দেশে এবং দেশের বাইরে থেকে কেউ অ্যাকাউন্টে লেনদেন করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা অ্যাকাউন্টটি জব্দ করার প্রক্রিয়া শুরু করেছেন।

গোয়েন্দা সূত্র বলছে, জঙ্গি আবদুল করিম নিউ জেএমবির অর্থ সম্পাদকের দায়িত্বও পালন করে। সে তামিম চৌধুরীর সবচেয়ে ঘনিষ্ঠ ও আস্থাভাজন এবং সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা। মেজর (অব.) জাহিদের অবস্থান ছিল তার পরেই। নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে তামিমসহ তিন জঙ্গি, মিরপুরের রূপনগরে জাহিদ এবং সর্বশেষ আজিমপুরে করিম নিহত হওয়ার পর সংগঠনের নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে গেছে। নিউ জেএমবির পুরো নেটওয়ার্কের সঙ্গে তারাই মূল যোগাযোগ রক্ষা করত। এর বাইরে নুরুল ইসলাম মারজান প্রযুক্তিগত যোগাযোগে পারদর্শী। তাকেও ধরার চেষ্টা চলছে।
একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, ২০১৩ সালে জেএমবির মূল ধারা থেকে একটি অংশ আলাদা হয়ে নতুন করে কার্যক্রম শুরু করে। তখন সংগঠনের অর্থ সংগ্রহে জঙ্গিরা ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন ধরনের ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ে। বিশেষ করে ঢাকার উপকণ্ঠে তারা ছিনতাই ও ডাকাতির বিভিন্ন মিশন বাস্তবায়ন করে। গত জানুয়ারিতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত নিউ জেএমবির কমান্ডার আলবানী ওরফে হোজ্জা ওরফে শাহদত ওরফে মাহফুজ রাজধানীর উপকণ্ঠে ডাকাতি ও ছিনতাইয়ের নেতৃত্ব দিত। আশুলিয়ার কাঠগড়ায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আটজনকে হত্যা এবং ব্যাংক ডাকাতির সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। চট্টগ্রামেও জঙ্গি কমান্ডার ফারদীনের নেতৃত্বে ছিনতাই করত নিউ জেএমবির সদস্যরা। পরে সে বগুড়ার একটি আস্তানায় বোমা বিস্ফোরণে মারা যায়।

গোয়েন্দারা বলছেন, জঙ্গিদের কোনো কোনো গ্রুপ স্বর্ণ চোরাচালান এবং জাল নোটের ব্যবসা করে অর্থ সংগ্রহ করছে। তাদের সঙ্গে বিদেশী কোনো কোনো গোয়েন্দা সংস্থার যোগসাজশ আছে বলেও তদন্তে বেরিয়ে এসেছে।

তিন জঙ্গি নেতার স্ত্রী এখনও চিকিৎসাধীন : আজিমপুরের আস্তানা থেকে আহত অবস্থায় গ্রেফতার জঙ্গি নেতা তানভির কাদেরি ওরফে আবদুল করিমের স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরেফ খাদিজা, বাসারুজ্জামানের স্ত্রী শায়লা আফরিন ও নুরুল ইসলাম ওরফে মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি এখনও ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ হলে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেয়া হবে। এদিকে আবদুল করিমের ১৪ বছর বয়সী ছেলে তাহরীম কাদেরি ওরফে রাসেলকেও মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সে এখন গাজীপুরের কিশোর সংশোধনী কেন্দ্রে রয়েছে।

লাশ নিতে চান করিমের বাবা : জঙ্গি তানভির কাদেরি ওরফে আবদুল করিমের লাশ নিতে আগ্রহী তার বাবা বাতেন কাদেরি। তবে পরিবারের অন্য সদস্যদের এ বিষয়ে আপত্তি রয়েছে। বাতেন কাদেরি বলেন, সন্তান যতই অপরাধ করুক না কেন, বাবা হিসেবে ছেলের লাশ দাফন করতে চাই। শুক্রবার সকালে তিনি যুগান্তরের গাইবান্ধা প্রতিনিধি গোবিন্দ লাল দাসকে এ কথা বলেন। প্রতিনিধিকে তিনি জানান, সন্তানের লাশ নিতে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী তিনি।

গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদি হাসান জানান, ১২ সেপ্টেম্বর করিমের বাবাকে জিজ্ঞাসাবাদের সময় তিনি ছেলের লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। শুক্রবার সকালে তিনি আমার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। দেখা হলে এ বিষয়ে তার কাছ থেকে জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি