তানভীর দিপু ঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বাচ্চু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
বাচ্চু মিয়া ময়মনসিংহ জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মহাসড়কের ময়নামতি এলাকায় ময়মনসিংহগামী রিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় একটি সাউন্ড বক্সের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। পরে বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়।


















































