পূর্বাশা ডেস্ক:
দেশে শান্তি ফিরিয়ে আনতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আলোচনা জন্য এক টেবিলে বসতে হবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার পদক প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করে যথাস্থানে পুন:র্বহাল চাই’ শীর্ষক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, আমাদের সকলের প্রচেষ্টায় দুই নেত্রীকে আলোচনার জন্য এক টেবিলে বসাতে হবে। ওই আলোচনার টেবিলে দুই নেত্রীকে সিদ্ধান্ত নিতে দেশ ও জাতির জন্য। কারণ কাদের দু’জনের সিদ্ধান্তই দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
গণতন্ত্র পুন: প্রতিষ্ঠা ও নির্বাচন ছাড়া বিএনপির সামনে আর কোন পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সরকারকে উদ্দেশ্য করে দুদু বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির নাটক বন্ধ করুন। আর সার্চ কমিটি গঠনের জন্য দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিনর্।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোমেন প্রমুখ বক্তব্যে রাখেন।























































