পূর্বাশা ডেস্ক:
নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া যেমনই হোক তা জনগণের ও রাজনৈতিক দলগুলোর কাছে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সকলের কাছে গ্রহণযোগ্য কমিশনই পারে রাজনৈতিক সংকট অনেকাংশে লাঘব করতে। পাশাপাশি ইসিকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখারও তাগিদ দিচ্ছেন তারা।
প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন নিয়োগে আইন প্রণয়নের কথা বলা হলেও গত চার দশকের বেশি সময়েও তা সম্ভব হয়নি। সবশেষ ২০১২ সালে সার্চ কমিটির সুপারিশের মাধ্যমে কাজি রকিবউদ্দিন আহমদের নেতৃত্বে এই কমিশনের নিয়োগ দেন রাষ্ট্রপতি।
আসছে ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে এই কমিশনের মেয়াদ। আইন প্রণয়নের বিষয়টির কোনো অগ্রগতি না থাকায় এবারও সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠনের ইঙ্গিত দিয়েছে আইন মন্ত্রণালয়। আর তাই কমিশন গঠনের আগে সম্ভাব্য সার্চ কমিটি গঠনে বেশি সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন সার্চ কমিটি থেকে কমিশন গঠন পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার।
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন বলেন, ‘সার্চ কমিটিতে কারা থাকবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সার্চ কমিটি কিভাবে লোকজনকে নির্ধারণ করবে, তালিকা করবে কারা এটাও জানা উচিত। এতে যদি কোনো রাজনৈতিক দলের অভিযোগ থাকে তাহলে সেটা গ্রহণ করতে হবে। সম্মতিক্রমে যদি একটা নির্বাচন কমিশন গঠিত হয় তাহলে নির্বাচন কমিশনের অর্ধেক কাজ শেষ। জনগণের আস্থা অর্জনের জন্য নির্বাচন কমিশনের তখন কষ্ট করতে হবে না।’
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, ‘সক্ষমতার থাকার জন্য নির্বাচন কমিশন গঠন করতে হবে, ক্ষমতার বৈধতা নেয়ার জন্য যা কিছু করা দরকার তাই করবো তাহলে সেই নির্বাচন কমিশনের কোনো অর্থ নাই। সুতরাং, সবকিছুই সরকারের হাতে এটা সরকারের দায়িত্ব। সর্বশেষ কমিশন গঠন হওয়ার পরে যারা থাকবেন তাদের আচরণ তাদের কর্মপদ্ধতি কেমন হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ।’
দেশের পুরো নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনতে দক্ষ কমিশন গঠনের পাশাপাশি সংবিধান প্রদত্ত ইসির স্বাধীনতা শতভাগ নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন তারা। তবে নির্বাচন কমিশন গঠনে দ্রুত সময় উপযোগী আইন প্রণয়নেরও তাগিদ দিচ্ছের বিশেষজ্ঞরা।























































