শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশবিরোধী তৎপরতা চালাচ্ছে পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০১৬

index20160826035815

পূর্বাশা ডেস্ক:

কমনওয়েলথে বাংলাদেশবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে ‘কমনওয়েলথ মিনিস্টারিয়েল অ্যাকশন গ্রুপের (সিমেগ) বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেন। বাংলাদেশে গণতান্ত্রিক স্পেস সংকুচিত হয়ে আসছে উল্লেখ করে তিনি এ বিষয়ে আলোচনা চান এবং কমনওয়েলথের পক্ষ থেকে একটি বিবৃতিও আশা করেন। তবে পাকিস্তানের এ প্রস্তাব উপস্থিত সদস্যরা নাকচ করে দেয়ায় সিমেগ বৈঠকের বিবৃতিতে বাংলাদেশ ইস্যু স্থান পায়নি। রোববার ঢাকায় উচ্চপর্যায়ের একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

ভারত, পাকিস্তানসহ ৯ সদস্যবিশিষ্ট সিমেগের বর্তমান সভাপতি সাইপ্রাস। সিমেগের সদস্য না হওয়ায় বৈঠকে বাংলাদেশের উপস্থিত থাকার সুযোগ নেই। সিমেগের সদস্য একটি রাষ্ট্রের মাধ্যমে পাকিস্তানের এ অপতৎপরতার বিষয়টি জানার পর ঢাকায় সরকারের উচ্চপর্যায়ে দেশটির বিরুদ্ধে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। যুদ্ধাপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের পর পাকিস্তান বিরূপ প্রতিক্রিয়া দেখানোয় বাংলাদেশ আগেই সার্ক সম্মেলন বর্জন করার চিন্তা করেছিল। এখন সিমেগে পাকিস্তানের এমন তৎপরতায় ঢাকার ক্ষোভ আরও বেড়েছে। নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন বাংলাদেশের বর্জন করা এখন সময়ের ব্যাপার। তবে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করায় বাংলাদেশ এখনই সার্ক সম্মেলন বর্জনের ঘোষণা দিতে চায় না। এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে যে, বাংলাদেশ ভারতের পক্ষ হয়ে জোট বেঁধে সার্ক সম্মেলন বর্জন করেছে।

সিমেগ হল ৫৩ সদস্য বিশিষ্ট কমনওয়েলথের গুরুত্বপূর্ণ একটি কমিটি। কোনো সদস্য দেশ হারারে ঘোষণার আলোকে কমনওয়েলথের অভিন্ন নীতি লংঘন করলে সিমেগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। নিউজিল্যান্ডে ১৯৯৫ সালে কমনওয়েলথের শীর্ষ নেতারা সিমেগ গঠন করেন। ২০০৭ সালের ২২ নভেম্বর উগান্ডায় সিমেগের এক বৈঠকে বেঁধে দেয়া সময়ের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহারে ব্যর্থ হওয়ায় কমনওয়েলথ থেকে পাকিস্তানের সদস্য পদ স্থগিত করার সিদ্ধান্ত হয়েছিল।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন চলাকালে ২৩ সেপ্টেম্বর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী লোয়ানিস কাসলিডসের সভাপতিত্বে সিমেগের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গায়ানার পররাষ্ট্রমন্ত্রী কার্ল গ্রিনিডেজ, মাল্টার ড. জর্জ ভেলা, নামিবিয়ার নেতুমম্বো নান্দি, নিউজিল্যান্ডের মারি ম্যাককুলি, সলোমন দ্বীপপুঞ্জের পররাষ্ট্রমন্ত্রী জর্জ মিলনার তোজাকা, পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুজাতা মেহতা এবং জাতিসংঘে কেনিয়ার রাষ্ট্রদূত কোকি মুলি উপস্থিত ছিলেন।

কূটনৈতিক সূত্র মতে, পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ বৈঠকে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার সঠিক মানে হচ্ছে না বলে উল্লেখ করেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এ বিচার করা হচ্ছে। ২০১৪ সালে বাংলাদেশের সংসদ নির্বাচন বিএনপি বর্জন করায় তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানি উপদেষ্টা বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক স্পেস সীমিত হয়ে পড়ছে। শেখ হাসিনার সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে। সারতাজ আজিজ এসব বিষয়ে কমনওয়েলথে একটি আলোচনা চান এবং কমনওয়েলথের পক্ষ থেকে একটি বিবৃতি আশা করেন। সিমেগের সদস্য রাষ্ট্রগুলো পাকিস্তানের এ প্রস্তাবের বিরোধিতা করায় শেষ পর্যন্ত ইস্যুটি বৈঠক সংক্রান্ত বিবৃতিতে ঠাঁই পায়নি।

পাকিস্তানের এ অপতৎপরতার তথ্য বাংলাদেশের কাছে পৌঁছার পর সার্ক সম্মেলন বর্জনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে মে মাসে পাকিস্তানকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যোগ দেবেন। কিন্তু যুদ্ধাপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিরূপ প্রতিক্রিয়া দেখায়। বাংলাদেশ তার কড়া প্রতিবাদ জানায়। তারপর পাকিস্তানের পার্লামেন্টে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রীর পাকিস্তানে সার্ক সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নেন।

সিমেগ বৈঠকে অবশ্য বাংলাদেশ নিয়ে পাকিস্তানের এ অপতৎপরতা এবারই প্রথম নয়। ইতিপূর্বে লন্ডনে সিমেগের একটি বৈঠকেও পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ একই ধরনের প্রস্তাব উত্থাপন করেছিলেন। তখনও সিমেগের অপর সদস্যরা তা নাকচ করেন।

কাশ্মীর ইস্যুতে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আফগানিস্তান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে একঘরে করতে চাইছে ভারত। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা রোববার বলেন, বাংলাদেশের সার্ক সম্মেলন বর্জন করার সিদ্ধান্তের সঙ্গে কাশ্মীর ইস্যুর কোনো সম্পর্ক নেই। যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাস হওয়ার পরপরই আমরা সার্ক সম্মেলন বর্জনের চিন্তা করে রেখেছি। উরির ঘটনার অনেক আগেই এ চিন্তা করেছি। তাছাড়া এ পরিস্থিতিতে সার্ক সম্মেলন ফলপ্রসূ হওয়ার তেমন কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।

বিভিন্ন সময় নানা কারণে আরও ছয় বার সার্ক সম্মেলন পিছিয়েছে। এবারও দক্ষিণ এশিয়ায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বর্তমান সম্পর্কের কারণে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন স্থগিত হওয়ার সম্ভাবনা প্রবল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি