জাকির হোসেন হাজারি, দাউদকান্দি ঃ
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার কাউন্সিলর রকিব উদ্দিন রকিবকে গুলির ঘটনায় অস্ত্রসহ সালাম খন্দকার (৪০) ও কোহিনুর বেগমকে (৩৮) আটক করেছে পুলিশ। অপর একটি অভিযানে ২’শ পিস ইয়াবাসহ মাসুদ রানা (২২) ও নাহিদুল ইসলাম হৃদয়কে (২৪) আটক করেছে গৌরিপুর ফাঁড়ি পুলিশ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি গ্রামের রিপন বেপারীর বাড়ি থেকে অস্ত্রসহ সালাম খন্দকার ও কোহিনুর বেগমকে আটক করা হয়। অপরদিকে অন্য একটি অভিযানে সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাসুদ রানা ও নাহিদুল ইসলাম হৃদয়কে আটক করা হয়।
অস্ত্রসহ আটক হওয়া সালাম খন্দকার দাউদকান্দি উপজেলার দোনারচর গ্রামের আলমাস খন্দকারের ছেলে ও কোহিনূর বেগম উপজেলার মোল্লাকান্দি গ্রামের রিপন বেপারীর স্ত্রী।
মাদকসহ আটক মাসুদ রানা উপজেলার সাতপাড়া গ্রামের সামসুল হকের ছেলে ও নাহিদুল ইসলাম হৃদয় পৌরসভার মাইজপাড়া(দিঘির পাড়) গ্রামের মমিন মিয়ার পুত্র ।
পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ৩০ জানুয়ারি পৌর কাউন্সিলর রকিব উদ্দিন রকিবকে গুলি করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৩১ জানুয়ারি রকিবের স্ত্রী সামছুন্নাহার বাদি হয়ে দাউদকান্দি থানায় সালাম খন্দকারসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ বুধবার সকালে সালাম খন্দকারকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মতে মোল্লাকান্দি গ্রামের রিপন বেপারীর ঘর থেকে ২টি পিস্তল,১টি পাইপ গান,এক রাউন্ড কার্তুজসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রিপন বেপারী পালিয়ে গেলে তার স্ত্রী কোহিনূর বেগমকে আটক করা হয়।
অপরদিকে একই উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২’শ ইয়াবাসহ মাসুদ রানা ও নাহিদুল ইসলাম হৃদয়কে আটক করেছে গৌরীপুর ফাঁড়ি পুলিশ।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, দাউদকান্দি মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের পর তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


















































