টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আতলেতিকো। বুধবার রাতে নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে রক্ষণ অটুট রেখে বারবার আক্রমণে উঠতে থাকে আতলেতিকো। ২২ তম মিনিটে এগিয়েও যেতে পারত তারা। কিন্তু ফের্নান্দো তোরেসের হেড পোস্টে লাগলে হতাশ হতে হয় গত মৌসুমের রানার্সআপদের।
৩৫ তম মিনিটে আতলেতিকোকে এগিয়ে নেন ইয়ানিক কারাসকো। অঁতোয়ান গ্রিজমানের ছোট করে বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক থেকে বেলজিয়ামের এই মিডফিল্ডারের নেওয়া শট পোস্টের ভেতরের কানায় লেগে ঠিকানা খুঁজে পায়।
শেষ দিকে মারমুখী খেলতে থাকা আর্তুরো ভিদাল বিপদ ডেকে আনেন বায়ার্নের। বক্সের মধ্যে লুইসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু গ্রিজমানের শট নয়ারকে ফাঁকি দিলেও ক্রসবারে লেগে ফিরলে ব্যবধান বাড়েনি।
গ্রুপের অপর ম্যাচে রোস্তভের মাঠে আইন্দহোভেন ২-২ গোলে ড্র করেছে।