শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৬

tareq-rahman20160721090855

স্টাফ রিপোর্টার  :রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং ইটিভির সাবেক সাংবাদিক মাহাথির ফারুকী খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার তেজগাঁও থানার রাষ্ট্রদ্রোহের মামলায় তারেক রহমানসহ চার জনের বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহন করেন ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী। মামলাটিতে তারেক রহমান এবং মাহাথির ফারুকী খান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা জারি করা এই দুই আসামীকে গ্রেপ্তার করা না গেলে তাদের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে মামলাটিতে আগামী ২ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

মামলার অপর দুই আসামী ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম কারাগারে এবং ইটিভির সাবেক সাংবাদিক কনক সারোয়ার জামিনে রয়েছেন।

গত ৬ সেপ্টেম্বর তারেক রহমানসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশের ইন্সপেক্টর ইমদাদুল হক ।

উল্লেখ্য , ২০১৫ সালের ৮ জানুয়ারি উসকানি দিয়ে পুলিশে বিদ্রোহের চেষ্টা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে তেজগাঁও থানায় পুলিশ মামলা করে।

২০১৫ সালের ৪ জানুয়ারি রাতে যুক্তরাজ্যে অনুষ্ঠিত এক সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ মিনিটের একটি বক্তব্য সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি)।

এরপর ৬ জানুয়ারি ভোরে কারওয়ানবাজারে ইটিভির কার্যালয়ের নিচ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি