স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গাজীপুর এলাকায় ইঁদুর মারার জন্য জমিতে দেয়া বিদ্যুতের তারে জড়িয়ে শাকিল খাঁন বাবু (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের লাশ গুম করার জন্য পার্শ্ববর্তী ডোবার পানিতে ফেলে দেয় জমির মালিক।
শনিবার (১ অক্টোবর) দুপুরে ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর গ্রাম থেকে ৫’শত গজ দুরে একটি ডোবা থেকে বাবুর লাশ উদ্ধার করেছে বুড়িচং থানা পুলিশ।
নিহত বাবু জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর পশ্চিম পাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। নিহত বাবু ৪ বোন ২ ভাইয়ের মধ্যে সবার বড় ছিল। সে বাসের হেলপার হিসেবে কাজ করত, মাঝে মাঝে রাতে বিভিন্ন পুকুরে চুক্তি ভিত্তিক মাছ ধরতো।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্র জানায়, মোঃ শাকিল খাঁন বাবু ও তার সহযোগি সুমন, হাসান, রুবেল, জাকির , মনির ও ইকবাল হোসেন শুক্রবার দিবাগত রাতে চুক্তি ভিত্তিকভাবে মাছ ধরার জন্য উপজেলার গাজীপুর গ্রামের আল-আমিনের ছেলে নজরুল ইসলামের পুকুরে যায়।
সারারাত মাছ ধরা শেষে ভোররাত ৪ টার দিকে বাড়ি ফেরার পথে শাকিল খাঁন বাবু গাজীপুর এলাকার বাদশা মিয়ার ছেলে শাম মিয়ার জমিতে ইঁদুর নিধনের জন্য দেয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় বাবুর সাথে থাকা সুমন ও হাসানের আত্মচিৎকারে জমির মালিক শাম মিয়া ঘর থেকে বিদ্যুতের লাইন বন্ধ করে আহত বাবুকে শাম মিয়ার উঠানে নিয়ে রাখে। পরে জমির মালিক শাম মিয়া বাবুর দুই সঙ্গীকে সিএনজি নিয়ে আসার জন্য পাঠায়। আধ ঘন্টা পর সুমন ও হাসান সিএনজি নিয়ে এসে আহত বাবুকে কোথাও দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে। এসময় স্থানীয় লোকজন জড়ো হয়ে বিষয়টি জানতে পেরে আহত বাবুকে খোঁজাখুজি করতে থাকে। সকালে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ৫’শত গজ দুরে একটি ডোবায় বাবুর লাশ পরে থাকতে দেখে। পরে পুলিশ খবর পেয়ে দুপুরে ডোবা থেকে লাশ উদ্ধার করে । ঘটনার পর থেকে জমির মালিক শাম মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
এ বিষয়ে বুড়িচং থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানায়, লাশের ময়নাতদন্তের জন্য কুমেক মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদি হয়ে জমির মালিক শাম মিয়াকে প্রধান আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।


















































