আরিফুর রহমান মজুমদার, চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের চাপায় আবদুল কাদের (৩৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রবিবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের ওই উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শফিকুল আজম জানান, মহাসড়কের ছুফুয়া এলাকায় ভ্যানচালক আবদুল কাদের ভ্যানটি নিয়ে সড়ক পারাপারের সময় ঢাকা অভিমুখী শ্যামলী পরিবহনের যাত্রীবাহি একটি বাস তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত আব্দুল কাদেরকে স্থানীয়রা কুমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। বাসটি আটক করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে। চালক পালিয়ে গেছে।


















































