ডেস্ক রিপোর্ট ঃ
আবারো রাজপথের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতারা। তারা মনে করেন, আন্দোলন কঠোর হলে সরকার সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে এবং তারেক রহমানও দেশে ফিরে আসবেন। তাই, ঘরে বসে না থেকে নিয়মতান্ত্রিক উপায়ে আবারো বিএনপি নেতাকর্মীরা রাজপথের আন্দোলনে নামবেন বলে জানান তারা।
বিএনপি নেতারা মনে করেন, আন্দোলনের মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের আগে সরকার আলোচনায় বসতে বাধ্য হবে। কারণ, বিএনপি এ দেশে ভেসে আসা কোনো দল নয়।
সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা জারীর প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভুইয়া, আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, সরফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, কাজী আবুল বাশার, হেলেন জেরিন খান, রফিকুল ইসলাম মজনু প্রমুখ।
এসময় মির্জা ফখরুল বলেন, “ক্ষমতায় টিকে থাকতে সরকার অবলীলায় মানুষ হত্যা করছে। একই সঙ্গে তারেক রহমান যাতে ফিরতে না পারেন, সেজন্য বিগত ওয়ান ইলেভেনের মত বর্তমান সরকারও মিথ্যা মামলায় তাকে সাজা দিচ্ছে। তারা আসলে দেশে ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় থাকতে চায়।”
তিনি বলেন, “দমনপীড়ন করে অতীতে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গে ভারতের এক মন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “সম্প্রতি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ভারত ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন। অর্থাৎ, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করার মতো একটা অবস্থান তৈরি হয়েছে।”
বিগত আন্দোলন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “আমরা অনেক কিছু পারি নাই- যা করা উচিত ছিল। সরকার নির্যাতনের সীমানা দেখে বুঝছি, সরকার কতটা বিপদে আছে। সেদিন আর বেশি দূরে নয়। হয়তবা আমাদের নেতৃত্বেই এ সরকারের বিদায় হতে পারে।”
নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়। এ দলের সঙ্গে আলোচনা করেই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।”
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “দেশে ফিরে এলেন স্বঘোষিত প্রধানমন্ত্রী। অনেক কথার মাঝে একটা কথা বলেছেন, তিনি খুব ক্লান্ত, তার বিশ্রাম দরকার। ক্লান্ত তো হবেনই। কারণ, শেয়ারবাজার, হলমার্কসহ নানা দুর্নীতির টাকা, খুন-গুম, হামলা-মামলা, নির্যাতনের হিসাব রাখা। এ সব কিছু মিলে ক্লান্ত তো হওয়ার কথাই। প্রধানমন্ত্রীকে বলব, আপনি কি মুক্তি চান? দেশের জনগণ আপনাকে মুক্তি দিতে প্রস্তুত। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনি কেটে পড়ুন, যাতে সামনের দিনে শান্তিতে বসবাস করতে পারেন। নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে আপনিও আপনার সরকারের মেয়াদ শেষ বলে ঘোষণা দিন।”
কাজী নজরুল ইসলামের কবিতার সঙ্গে মিল রেখে প্রধানমন্ত্রীকে তিনি বলেন, “আপনি ক্লান্ত হলেও আমরা ক্লান্ত নই। আমরা সেই দিন হবো শান্ত, যেদিন দেশে গণতন্ত্র ফিরবে, সুষ্ঠু নির্বাচন হবে, তারেক রহমান দেশে ফিরবে এবং সব অত্যাচার-অনাচার বন্ধ হবে।”
নজরুল ইসলাম খান বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বারবার আদালতে হাজিরা দিতে হয়। এতে সরকার মজা পায়। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও রিজভী আহমেদসহ সিনিয়র নেতাদের বারবার কারাগারে নিয়ে সরকার আনন্দ পায়। তাদের এসব কর্মকাণ্ডে মানুষ আজ ক্ষুব্ধ।”
সরকার দেশকে একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “বর্তমান আওয়ামী লীগ সুকৌশলে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সরকার গঠন করেছে। এ কারণে তারা দেশের স্বার্থ বিরোধী কাজ করতেই পারে।”
মোহাম্মদ শাহজাহান বলেন, “আমরা নিয়মতান্ত্রিক উপায়ে রাজনীতি করছি। কিন্তু সরকার নানাভাবে উস্কানি দিচ্ছে। এ উস্কানিতে বিএনপি পা দেবে না। এবার যদি আন্দোলনে বাধ্য করা হয়, তাহলে সরকারের পতন ছাড়া ঘরে ফিরবো না।”























































