মিন্টু রবি দাস (১০)। পঞ্চম শ্রেণি পড়ুয়া রবির পায়ের ব্যথা থেকে হঠাৎ করে ফুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ে।
কিন্তু বাবার আর্থিক সংগতি না থাকায় পায়ের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। ফলে পায়ের চিকিৎসা করাতে বাবার পেশাকেই আঁকড়ে ধরেছে সে।
টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে লেখাপড়া বন্ধ করে চিকিৎসার টাকা জোগাড় করতে মিন্টু এখন মুচির কাজ করছে।
নিজের স্কুলের পাশেই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ডের যাত্রীছাউনিতে তার বাবা যেখানে বসে জুতা কালি করতেন, সেখানেই বাবা সরঞ্জাম নিয়েই এখন মিন্টু বসছে নিয়মিত। নিজের জমানো পয়সায় সুস্থ হয়ে আবারো স্কুলে ফিরে যেতে চায় সে।
মিন্টু উপজেলার ধানকোরার কামতা মধ্যপাড়ার সুরেশ রবি দাসের ছেলে। সে সাটুরিয়ার গোড়লার কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
মিন্টুর পারিবারিক সূত্র জানায়, প্রায় আট মাস আগে বাড়ির কাছে হোঁচট খেয়ে ডান পায়ে ব্যথা পায় সে। সামান্য আঘাত মনে করে চিকিৎসা না করানোয় চার/পাঁচদিন পর তার পা ফুলে ব্যথা বাড়তে থাকে।
মানিকগঞ্জ হাসপাতালে নিলে ডাক্তার প্রথমে কিছু ওষুধ দিলে গরিব বাবা ধার-দেনা করে তা খাওয়ায় তাকে। কিন্তু তাতেও ভাল না হওয়ায় আরো পরীক্ষার পর ডাক্তার জানায়, ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে হবে। এজন্য খরচ হবে ৪০/৪৫ হাজার টাকার মতো।
কিন্তু মুচির কাজ করে সংসার চালানো সুরেশ রবি দাসের পক্ষে চার সন্তান আর স্ত্রীকে নিয়ে সংসার চালনোই কঠিন, ফলে ছেলের চিকিৎসা আর করা হয়নি তার। এদিকে, অসুস্থ হয়ে একপর্যায়ে বন্ধ হয়ে যায় মিন্টুর চিকিৎসা, সেই সঙ্গে পড়াশোনাও।
এর কিছুদিন পর চিকিৎসার টাকা জোগাড় করতে সে স্কুলের পাশেই গোলড়া বাসস্ট্যান্ডের যাত্রীছাউনিতে তার জুতা কালি ও সেলাইয়ের কাজ শুরু করে।
মিন্টুর বাবা সুরেশ বাংলানিউজকে বলেন, তার দুই ছেলে ও দুই মেয়ে। তিনি এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গরু ও ছাগলের চামড়া কেনাবেচা করেন। তার দিনে যা আয় হয় তা দিয়ে ছয়জন মানুষের খাবার জোগাড় করাই কষ্টকর হয়ে পড়ে। সম্বল বলতে আছে শুধু মাথা গোজার ঠাঁই। তার পক্ষে ছেলের পা ভালো করতে চিকিৎসার জন্য কোনোভাবেই ৪০ হাজার টাকা জোগাড় করা সম্ভব না। তাই এখন ডাক্তারি চিকিৎসা না করিয়ে পা ভালো করতে মানিকগঞ্জের দেড় গ্রামের রমজান কবিরাজের কাছে চিকিৎসা করাচ্ছেন ছেলেকে।
মিন্টুর পা এখনো অনেক ফোলা। মাঝে-মধ্যেই সে ব্যথায় রাতে ঘুমাতে পারে না। ‘পোলাটার দিকে তাকাইলেই কান্না পায়’ বলেই কেঁদে ফেলেন সুরেশ।
মিন্টু জানায়, পা ফোলা থাকায় ও ব্যথায় ঠিকমতো হাঁটতে পারে না সে। পা ভাঁজ করে বসতেও পারে না। বাবা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চামড়া কেনাবেচা করায় প্রতিদিন তাকেই জুতা কালির কাজ করতে হয়। প্রতিদিন জুতা কালি করে আয় হয় ১৫০ থেকে ২০০ টাকার মতো।
গোড়লার কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন জানান, মিন্টু চতুর্থ শ্রেণির ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আর স্কুলে আসেনি।























































