কুমিল্লা: কুমিল্লার শিক্ষা-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের অবদান আজীবন মনে রাখবে কুমিল্লাবাসী। ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক হন তিনি।
কুমিল্লায় হাসানুজ্জামান কল্লোলই প্রথম ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণশুনানি শুরু করেন। তিনি দায়িত্ব পালনকালে প্রথম ১৫ বীরাঙ্গনা, ভাষা সৈনিক তাহেরকে খাস জমি-নগদ অর্থ প্রদানসহ ৭ ভাষা সৈনিককে সংবর্ধনা দেন।
ভ্রাম্যমাণ আদালতে দেশে ২০তম বারের মতো শীর্ষস্থান ও স্থানীয় উদ্ভাবনী প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগে প্রথম হয় কুমিল্লা। জেলা প্রশাসকের উদ্যোগে উপমহাদেশের সূর সম্রাট শচীন দেবের বাড়ি বেদখলমুক্ত করা হয়। এরপর সেখানে ১ কোটি ১০ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে কালচারাল কমপ্লেক্স নির্মাণ হচ্ছে।
নগরীতে ১ একর পরিত্যক্ত খাস জমিতে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করে মাল্টিমিডিয়া ক্লাসরুম, সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ল্যাব স্থাপন করেন হাসানুজ্জামান কল্লোল। জেলা প্রশাসকের মামার দেওয়া ৫ লাখ টাকা অনুদানে সাবেক শিক্ষিকা মরহুম বেগম রওশন আরা স্মৃতি গ্রন্থাগার স্থাপিত হয়। পাঠাগারে ১৫শ’ বই রয়েছে।
কালেক্টরেট মসজিদে লাল-সবুজের আবহে নির্মিত ৭১ ফুট উঁচু মিনার কুমিল্লাবাসীকে মুগ্ধ করেছে। জেলা প্রশাসকের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃত্যুর আড়াই বছরের মাথায় স্বাধীনতা পদক পেয়েছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার কুমিল্লার কৃতী সন্তান রফিকুল ইসলাম। একটি বাড়ি একটি খামার প্রকল্পে এক বছরে সরকারি আদায় দ্বিগুণ করেন। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে কবি নজরুলের ১১৬তম জন্মজয়ন্তী সফলভাবে আয়োজন করে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানের উদ্বোধন করে আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসকের উদ্যোগে কুমিল্লার মহিয়সী নারী, নারী জাগরণের অগ্রপথিক নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণীর জীবনী ও কর্মের ওপর ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী’ বই ও জাতীয় কবি নজরুলের কর্মের ওপর রচিত ‘অঞ্জলি লহ মোর’ বইটি প্রকাশ করা হয়।
এ বিষয়ে কুমিল্লা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবুল বাংলানিউজকে জানান, তিনি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, বীরকন্যা ও শতাধিক ভূমিহীন মুক্তিযোদ্ধাকে সরকারি খাস জমি-অর্থ সহায়তা করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা বান্ধব জেলা প্রশাসক ছিলেন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিন বাংলানিউজকে বলেন, স্যারের নির্দেশনায় আমরা বীরের কণ্ঠে বীরের কাহিনী, মাল্টি মিডিয়া ক্লাসরুম স্থাপন, নিরাপদ মাতৃত্ব, জঙ্গি বিরোধী সমাবেশ করেছি।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল আরীফ বাংলানিউজকে বলেন, তিনি আমাদের প্রতি অনেক আন্তরিক ছিলেন। উনার অনুপ্রেরণা ও নির্দেশনায় আমরা ভালো কাজ করতে অনুপ্রাণিত হয়েছি।
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বাংলানিউজকে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং জনগণের সেবা নিশ্চিতে আমি কাজ করেছি। অসংখ্য কমিটি ও সংগঠনের সভাপতি ছিলাম। তাই বিদায়বেলায় সবার কাছ থেকে দোয়া নিয়ে যাওয়া প্রয়োজন মনে করেছিলাম। যদিও সর্বক্ষেত্রে তা পারিনি, কুমিল্লার ১৬ উপজেলায় মতবিনিময় সভা করার চেষ্টা করেছি। জঙ্গিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে শেষবারের মতো অনুরোধ জানিয়েছি।
মো. হাসানুজ্জামান কল্লোল চলতি বছরের ২০ সেপ্টেম্বর গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রনায়য়ের উপসচিব হিসেবে যোগ দিয়েছেন।


















































