ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া :
উপজেলা কমপ্লেক্সের ভিতরে মারধর করার অপরাধ উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতরে প্রবাসী ছোট ভাইকে মারধর করার অপরাধে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বড় ভাইকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছেন। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গতকাল ৫ অক্টোবর বুধবার বিকালে উপজেলা ভূমি অফিসে জমি সংক্রান্ত বিষয়ে উপস্থিত হন বলাকিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে প্রবাসী তাজুল ইসলাম (৩২) ও তার বড় ভাই জসিম উদ্দিন (৪০)। এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্কবির্তক শুরু হলে ভূমি অফিসের সহকারিরা তাদের অফিস থেকে দুই ভাইকে বের করে দেন।
বাহিরে এসে বড় ভাই জসিম উদ্দিন ও তার স্ত্রী পারভীন আক্তার ছোট ভাই তাজুল ইসলামকে বেদরকভাবে কিলঘুষি মেরে তার জামা ছিড়ে ফেলে তাকে আহত করে। তার চিৎকারে ভূমি অফিসের লোকজনসহ আশেপাশের লোকজন ছুটে আসে। এসময় সহকারি কমিশার (ভূমি) উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম খান উপজেলা কমপ্লেক্সের ভিতরে মারধর করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৬০ ধারায় বড় ভাই জসিম উদ্দিনকে দোষী স্বাব্যস্ত করে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। থানার এসআই জসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স কারাদন্ড প্রাপ্ত আসামীকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেন।

















































