শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মন্ত্রীদের জন্য নতুন অ্যাপার্টমেন্ট হচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০১৬

d797d44ef40812a17b10e4351fb53774-mosharaf

পূর্বাশা ডেস্ক:

মন্ত্রীদের জন্য রাজধানীর বেইলি রোডে নতুন অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করা হচ্ছে। ছয়তলা এ ভবনে ১০ জন মন্ত্রী বসবাস করতে পারবেন। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ২ হাজার ২৪৮ বর্গফুট। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৫ লাখ টাকা।

আজ বুধবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’ নামের এ ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রীদের জন্য নির্মাণাধীন এ ভবনের প্রতিটি ফ্ল্যাটে চারটি শয়নকক্ষ, ডাইনিং-ড্রয়িংরুম ছাড়াও ১ হাজার ৪০০ বর্গফুটের অফিস কক্ষ থাকবে। দর্শনার্থীদের জন্য থাকবে পৃথক অপেক্ষা কক্ষ। নিচতলায় থাকবে ২৭টি গাড়ি পার্ক করার সুবিধা। এ ভবন নির্মাণ করতে সময় লাগবে দুই বছর।

গণপূর্তমন্ত্রী বলেন, মন্ত্রিসভার সদস্য এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসার সংখ্যা কম। বর্তমানে ঢাকায় কর্মরত প্রায় দেড় লাখ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র ৮ ভাগ আবাসিক সুবিধা পান। ২০১৮ সালের মধ্যে এ হার ৪০ ভাগে উন্নীত করা হবে। ইতিমধ্যে আজিমপুর ও মতিঝিলে সরকারি কর্মকর্তাদের জন্য ২০ তলার আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও বহুতল ভবনের নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি