পূর্বাশা ডেস্ক:
ঢাকা উত্তর-দক্ষিণ এবং গাজীপুর সিটি কর্পোরেশনে ওয়ার্ড ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠনের উৎযোগ নিতে বলেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। কর্মকর্তরা বলছেন এর মূল উদ্দেশ্য হল নগরগুলোর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যে কোন দুর্যোগের আগেই মানুষকে তার করণীয় সম্পর্কে সচেতন করা। ওয়ার্ড ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাঠামো, ভূমিকা ও দায়িত্ব নিয়ে মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের নিয়ে আজ বৃহস্পতিবার একটি কর্মসূচীর আয়োজন করতে যাচ্ছে একশন এইড।
নতুন এই প্রকল্পের বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন প্রকল্পের দায়িত্বে থাকা একশন এইডের কর্মকর্তা আ ম নাসির উদ্দীন। তিনি বলেন, এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে নগর দুর্যোগ ব্যবস্থপানার সাথে যারা যুক্ত এবং নগর প্রশাসনের সাথে যারা যুক্ত তাদের সবাইকে একই মঞ্চে নিয়ে আসা। যেই প্রস্তাবিত কাঠামো আমাদের সামনে আছে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সেটিকে নিয়ে পর্যালোচনা করা। সেই কাঠামো কতটা বাস্তবসম্মত এবং এর মধ্যে আর কি সংযোজন ও বিয়োজন করা যায় সে বিষয়ে মতামত নেয়া। তারপরে সেগুলো পলিসি মেকারদের হাতে তুলে দেয়া।
এই নগরে দুর্যোগ ব্যবস্থাপনা করতে গিয়ে এখানে কারা কারা অংশ নিবেন সে সম্পর্কে নাসির উদ্দীন বলেন, এখানে সিটি কর্পোরেশনের কাউন্সিলর, চিফ এক্সুকিটিভ অফিসার, মেয়র, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা অংশ গ্রহণ করবেন।
সরকার ওয়ার্ড ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি করতে বলেছে এর কারণ সম্পর্কে নাসির উদ্দীন বলেন, আমাদের দেশে জনসংখ্যার ২৮ ভাগ নগরে বাস করে। ২০৩০ সালের মধ্যে যেই সম্ভবনা দেখা যাচ্ছে তাতে ৫০ ভাগ মানুষ নগরে বাস করবেন। নগরে বাস করার কারণে তারা খুব অল্প জায়গায় বেশি মানুষ বসবাস করবেন । কিন্তু দুর্যোগ থেকে তাদের সুরক্ষার জন্য যেই ধরনের অবকাঠামো এবং আইনি কাঠামো দরকার সেই ব্যবস্থা এখনো নেই। শুধুমাত্র সিটি কর্পোরেশন পর্যায়ে একটি মাত্র কমিটি আছে। ঢাকার মধ্যে যে কোন একটি সিটি কর্পোরেশনে যে পরিমাণ জনসংখ্যা বাস করে সে জনগণের সুরক্ষা, তাদের দুর্যোগের যে ঝুঁকি সেগুলোকে চিহ্নিত করা, এই কাজটা একটি মাত্র কমিটি দিয়ে কার্যকরভাবে করা সম্ভব না। এই বাস্তবতা থেকে গত প্রায় ১০ বছর ধরে ক্রমান্বয়ে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা চেষ্টা করে আসছে ওয়ার্ড ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কিভাবে গঠন করা যায়।
দুর্যোগের পর এই কমিটি কিভাবে ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে নাসির উদ্দীন বলেন, আমাদের অভিজ্ঞতা যেটা বলে এই ধরনের কমিটি হলে তাতে জনসম্পৃক্ততা অনেক বেড়ে যায়। স্থানীয় পর্যায়ে যে সম্পদগুলো আছে সেগুলোর অধিকতর ব্যবহার নিশ্চিত করা যায়। সরকার তার লক্ষ্য ঠিক করেছে এটাকে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু শুরুটা করা হচ্ছে শুধুমাত্র সিটি কর্পোরেশন দিয়ে। এর ফলাফল, এর কার্যকারিতা, এর সুবিধা-অসুবিধাগুলো শিখন হিসাবে নিয়ে এটাকে পরবর্তীতে পৌরসভা এবং পরে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা সরকারের আছে।























































