ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে রাজধানীর ফার্মগেটে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তার নাম রাকিবুল ইসলাম মুন্না (১৭)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আকাশকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে চলতি বছরের ১১ মে মিরপুরের জনতা হাউজিং সংলগ্ন এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে খুন হয় মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র বাবুল শিকদার হৃদয়।
পারিবারিক সূত্র জানায়, মুন্নার বাসা ফার্মগেটের গ্রিন সুপার মার্কেটের পেছনের আমবাগান এলাকায়। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি
স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পাস করে অনার্সে ভর্তির চেষ্টা করছিলেন। নিহতের চাচা যুবায়ের হোসেন জনি জানান, মুন্নার ছোট ভাই রিয়াদ পূর্ব রাজাবাজার এলাকার নাজনীন স্কুলের নবম শ্রেণির ছাত্র। গতকাল বিকেলে সে বন্ধুদের সঙ্গে ওই স্কুল মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় একই এলাকার আকাশ নামে এক কিশোর স্কুল মাঠে গিয়ে রিয়াদের কাছ থেকে ব্যাট কেড়ে নিয়ে খেলতে চায়। রিয়াদ এতে রাজি না হলে ব্যাট দিয়ে তাকে পেটায় আকাশ। রিয়াদ বাসায় গিয়ে বড় ভাই মুন্নাকে বিষয়টি জানায়। সন্ধ্যায় মোস্তফা গলির সামনে আকাশকে পেয়ে তার ভাইকে পেটানোর কারণ জানতে চান মুন্না। এ সময় দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আকাশ ও তার সঙ্গীরা মুন্নাকে ঘিরে ধরে এবং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মুন্নাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুন্নার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার পিঁপড়াকাঠি এলাকায়। মুন্নার বাবা দেলোয়ার হোসেন বেঁচে নেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ছিলেন। এখন ওই পদে চাকরি করেন মুন্নার মা পারুল বেগম। তাদের চার ছেলের মধ্যে মুন্না ছিল দ্বিতীয়।
রিয়াদের বন্ধুরা হাসপাতালে জানান, খেলার মাঠে রিয়াদের সঙ্গে এক বন্ধুর হাতাহাতি হয়। রিয়াদের ভাই মুন্না দু’পক্ষের মধ্যে মীমাংসা করার উদ্যোগ নিয়েছিলেন। তখনই তাকে ছুরিকাঘাত করা হয়।
এদিকে চিকিৎসকরা মুন্নাকে মৃত ঘোষণা করলে কান্নায় ভেঙে পড়েন তার মা পারুল বেগম। নিহতের স্বজনদের কান্নায় হাসপাতালে বিষাদের পরিবেশ সৃষ্টি হয়। নিহতের মা পারুল একটু পরপরই চেতনা হারাচ্ছিলেন। আর বাকি সময় সন্তানের জন্য বিলাপ করছিলেন। তিনি সবার কাছে জানতে চান, কী কারণে তার নিষ্পাপ ছেলেকে মেরে ফেলা হলো? কী এমন অপরাধ সে করেছিল?
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, খেলাধুলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ নিয়ে তদন্ত চলছে।























































