পূর্বাশা ডেস্ক:
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের শারীরিক অবস্থা সম্পর্কে আজ শনিবার মতামত দেবেন চিকিৎসকেরা। তবে তাঁর জীবনশঙ্কা এখনো কাটেনি বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা।
খাদিজার ভাই শাহিন আহমেদ গতকাল শুক্রবার বলেন, খাদিজাকে শক্তিশালী ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সকালের দিকে ওষুধের মাত্রা একটু কমিয়ে দেওয়া হয়েছিল। পরে চিকিৎসকেরা আবার আগের চিকিৎসাপদ্ধতিতেই ফিরে যান। শুক্রবার সিটি স্ক্যান করার কথা থাকলেও পরে চিকিৎসকেরা সিদ্ধান্ত পরিবর্তন করেন। পরিস্থিতি স্থিতিশীল থাকলে তিন দিন পর মস্তিষ্কের অবস্থা যাচাই করতে সিটি স্ক্যান করা হবে বলে জানান শাহিন। চীনের একটি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র শাহিন আশা করেন, খাদিজা সুস্থ হয়ে উঠবেন। তিনি বলেন, যে অবস্থায় ওকে হাসপাতালে আনা হয়েছে তাতে বাঁচানোটাই ছিল চ্যালেঞ্জ। অস্ত্রোপচারের পর ও স্থিতিশীল আছে এটা একটা ভালো বিষয়। তিনি তাঁর বোনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দিন গতকাল জানান, খাদিজাকে পর্যবেক্ষণের জন্য চিকিৎসকেরা যে ৭২ ঘণ্টা সময় নিয়েছিলেন তা গতকাল বিকেলে শেষ হয়েছে। আজ শনিবার তাঁর অবস্থা সম্পর্কে জানানো হবে। তিনি বলেন, তাঁর অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে অবস্থার অবনতি না হওয়ায় বলা যায় কিছুটা ইতিবাচক।
গত সোমবার পরীক্ষা দিয়ে ফেরার পথে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে সবার সামনেই খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৬)। এ সময় কেউ বদরুলকে বাধা না দিলেও সে দৃশ্য মুঠোফোনে ভিডিও করেন। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বদরুল ইতিমধ্যে সব অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
রক্তাক্ত খাদিজাকে কলেজছাত্র ও স্থানীয় জনতা দ্রুত সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে ঢাকায় আনা হয়। পরদিন থেকে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে খাদিজাকে দেখতে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ঢুকে সাংসদ সাবিনা আক্তার তুহিন, সাবেক সাংসদ অপু উকিল ও যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক কোহেলি কুদ্দুসের মুঠোফোনে সেলফি তোলার সমালোচনা করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এটি ন্যক্কারজনক ও অমানবিক কাজ। হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলেও জানান কামরুল ইসলাম।























































