পূর্বাশা ডেস্ক:
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে আগামী ১৮ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও ২০ অক্টোবর আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী জানান, ২০ অক্টোবর সব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হবে। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় লোকজন, মুরুব্বী ও বিশিষ্টজনসহ সবাইকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করা হবে। সেই কমিটিগুলো কোনো শিক্ষার্থী নির্যাতিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবে। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে অপরাধীকে আইনের হাতে সোপর্দ করবে। তিনি আরও জানান, এই যে কমিটিগুলো করা হবে, এগুলো যারা ইভটিজিংয়ে জড়িত প্রথমে তাদের শোধরানোর চেষ্টা করবে। তাতে কাজ না হলে তাদের আইনের হাতে সোপর্দ করবে।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ছাত্রী নির্যাতন প্রতিরোধে সব শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে কমিটি গঠন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সিলেটের খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাসহ সারাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।























































