পূর্বাশা ডেস্ক:
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজার ওপর বর্বরোচিত হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে অন্য শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্রী ও অভিভাবকদের ওপরও। ক্লাস-পরীক্ষা বর্জনই শুধু নয়, খাদিজার বান্ধবীদের অনেকেই চলমান ডিগ্রি পরীক্ষায়ই আর অংশ নিচ্ছেন না। প্রশাসন বলছে ছাত্রীদের নিরাপত্তায় এ সপ্তাহের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানে বসানো হচ্ছে সিসি ক্যামেরা।
বর্বরোচিত এ হামলার সময় খাদিজার সঙ্গেই ছিলো তার বান্ধবী রূপমা। হাউশা গ্রাম থেকে প্রতিদিন পনেরো কিলোমিটার দূরের পরীক্ষাকেন্দ্র এমসি কলেজ আসতো তারা। হামলার দৃশ্যে হতচকিত রূপমা জ্ঞান হারিয়ে ফেলে তখনই। এরপর আর পরীক্ষা দিতে আসা হয়নি তার।
রুপমার বড় ভাই শাহীদুন নূর বলেন, ‘অজ্ঞান অবস্থায় রুপমাকে উদ্ধার করে নিয়ে আসি। যখনই ওর ঘুম ভাঙ্গে তখনই সে অজ্ঞান হয়ে যায়। এজন্য ডাক্তার পরামর্শ দিয়েয়ে বিশ্রামে থাকার জন্য’।
শুধু রূপমা নয় এ ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি পরীক্ষা কেন্দ্রে। খাদিজাকে উদ্ধার করা ইমরানও যোগাযোগ করছে না কারো সঙ্গে।
আতঙ্কিত অভিভাবকরা উপস্থিত থাকছেন কেন্দ্রের আশপাশে। তারা বলছেন অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সেই হামলার ছবি, কিন্তু বদরুলের সহযোগীদের ভয়ে প্রকাশ্যে আসছে না তারা।
আন্দোলনরত খাদিজার সহপাঠীদেরও ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। তবে আন্দোলন চালিয়ে যাবার প্রতিজ্ঞা থেকে সরে যাচ্ছে না কেউ।
খাদিজার বাবাও মেয়ের ওপর এ নৃশংস হামলার বিচার চাইছেন কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সাবধানে।
প্রশাসন বলছে সিলেটে ছাত্রীদের নিরাপত্তা শঙ্কা কাটাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ আমিনুর রহমান বলেন, ‘বেশ কিছু বিদ্যালয়ে ইতিমধ্যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, বাকিগুলোতে প্রক্রিয়াধীন আছে। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো প্রতিশ্রুতি দিয়েছে তারা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবে’।
শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীরাও।























































