স্টাফ রিপোর্টার ঃ
প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতায় জেলার সকল পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার শাহ্ মো. আবিদ হোসেন।
বিজয়া দশমীর সন্ধ্যায় জেলার চান্দিনা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে তিনি এ কথা জানান।
তিনি আরও জানান, শারদীয় উৎসব সনাতন ধর্মাবলম্বীদের হলেও তা উদযাপন করে সকল ধর্ম-বর্ণের মানুষ। কুমিল্লার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি সকল ধর্ম-বর্ণের মানুষ শতস্ফুর্তভাবে শারদীয় উৎসব উদযাপন করেছে।
প্রতিটি পূজা মন্ডপে ছিল প্রশাসনের কঠোর নজরদারী এছাড়া প্রশাসনের পাশাপাশি প্রতিটি উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের যথাযথ ভূমিকায় জেলার সকল পূজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে শারদীয় উৎসব উদযাপিত হয়েছে।
শাহ্ মো. আবিদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় চান্দিনা পৌরসভাধীন হারং গ্রামের উপজেলা চেয়ারম্যান ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন বক্সী বাড়ির পূজা মন্ডপে পরিবার-পরিজন নিয়ে পরিদর্শনে আসেন।
পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূইয়া, চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) একেএম মঞ্জুরুল আলম, উপ-পরিদর্শক (এস.আই) শাহ্ কামাল আকন্দ, এস.আই সহিদুল ইসলাম প্রমুখ।
এসময় চান্দিনা পৌর মেয়র মফিজুল ইসলাম উপস্থিত থেকে চান্দিনা রাজকালী বাড়ি পূজা মন্ডপ, চান্দিনা রামকৃষ্ণ মিশন পূজা মন্ডপ, সাহাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করান।


















































