শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ক্ষমতাসীনদের দুঃশাসন প্রতিরোধ করতে হবে: খালেদা জিয়া


ক্ষমতাসীনদের দুঃশাসন প্রতিরোধ করতে হবে: খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৬

06-4-550x302

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, মহানবী (সা.) অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তার উম্মত হিসেবে আমাদেরও কর্তব্য যেকোন গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠির অনাচার ও অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

মঙ্গলবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল স্বাক্ষরিত ‘পবিত্র আশুরা উপলক্ষে’ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, অন্যায়, অবিচার, অন্যায্য ও অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দেয়।

তিনি বলেন, ১০ মহররম সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত তাৎপর্যময় দিন। পবিত্র আশুরার এ দিনে ঘটেছিলো এক শোকাবহ ঘটনা। অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এ দিনে শাহাদাত বরণ করেছিলেন। কারবালা প্রান্তরে সেই হৃদয় বিদারক ঘটনা আজও মানুষকে কাঁদায় এবং বেদনার্ত করে। সত্য ও ন্যায়ের জন্য তার আত্মত্যাগ বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।

বেগম জিয়া শহীদ হযরত ইমাম হোসেন (রা.) ও তার পরিবারের সদস্যবর্গ এবং কারবালার সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসত্য, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে হযরত ইমাম হোসেন (রা.) এ দিনে জালিমের হাতে শহীদ হন। ব্যক্তিগত কোন অভিলাষ নয় বরং অবিচার ও জবরদস্তি আর মিথ্যা অহংকারকে প্রতিরোধ করতে গিয়ে তার নিজের আত্মত্যাগের ঘটনা সারা দুনিয়ার সকল মজলুমকে প্রতিবাদী হতে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে প্রেরণা যুগিয়ে চলেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি