শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চীনা প্রেসিডেন্টের ঢাকা সফর ভারতের পর্যবেক্ষণে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৬

base_1476211124-fxtyh

পূর্বাশা ডেস্ক:

গত কয়েক বছরে চীন ও বাংলাদেশের মধ্যে সই হয়েছে অনেকগুলো দ্বিপক্ষীয় চুক্তি। সফট লোন থেকে শুরু করে এর মধ্যে রয়েছে সংস্কৃতি বিনিময়, অবকাঠামো উন্নয়ন ও সামরিক সরঞ্জাম ক্রয়-বিক্রয়। বাংলাদেশের আমদানি পণ্যেরও সবচেয়ে বড় উত্স এখন চীন। এসবই চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত। এর মধ্যেই ১৪ অক্টোবর রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ৩০ বছর পর চীনা প্রেসিডেন্টের এ সফরকে তাই গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে ভারত।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী হিসেবে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পর্যবেক্ষণ ভারতীয় কূটনীতিকদের নিয়মিত কাজের অংশ। তবে এটি চীন হওয়ায় ভারতীয় কূটনীতিকদের কাছে এর গুরুত্ব অন্য রকম। চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকে ঘিরে যে বিপুল অংকের ঋণচুক্তির কথা হচ্ছে, তাতে ভারতের আগ্রহ আরো বেড়েছে। কারণ আঞ্চলিক আধিপত্য বিস্তারে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে চীন ও ভারতের মধ্যে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেন বণিক বার্তাকে বলেন, দক্ষিণ এশিয়ার যেকোনো দেশে চীন বা অন্য কোনো বৃহত্ শক্তির উপস্থিতি কিংবা সম্পর্ক এ অঞ্চলের অন্য বৃহত্ শক্তির দেশ পর্যবেক্ষণ করবে, সেটাই স্বাভাবিক। এ কারণেই চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর পর্যবেক্ষণে রেখেছে ভারত। তবে শুধু ভারত নয়, অন্য দেশও পর্যবেক্ষণ করছে। আর সেটা কূটনৈতিকভাবেই।

তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশ যে সম্পর্ক করছে, তা একেবারেই অর্থনৈতিক। এক্ষেত্রে চীনের সঙ্গে অর্থনৈতিক বিষয়গুলো ভারত বা অন্য দেশ পর্যবেক্ষণ করলেও তারা আপত্তি করবে বলে মনে হয় না। কারণ ভারত নিজেও বিভিন্ন দেশ, এমনকি চীন থেকে বিনিয়োগ পেতে চেষ্টা চালিয়েছিল।

চীনের মুক্তার মালা বা ‘স্ট্রিং অব পার্ল’ তত্ত্বটিও পর্যবেক্ষণে রেখেছে ভারত। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের সম্ভাব্য উপস্থিতি বাড়ানোই হলো ‘স্ট্রিং অব পার্ল’ নামের ভূরাজনৈতিক তত্ত্বের মূল উদ্দেশ্য। এ তত্ত্বের আওতায় রয়েছে সমুদ্রপথ বরাবর চীনের মূল ভূখণ্ড থেকে পোর্ট সুদান পর্যন্ত নেটওয়ার্ক তৈরি।

মিয়ানমার, শ্রীলংকা, পাকিস্তানে এরই মধ্যে সমুদ্রবন্দর নির্মাণ করেছে চীন। বাংলাদেশে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণেও আগ্রহ দেখিয়েছে দেশটি।

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবির বলেন, চীনের ঋণ এবং এর সুদ বর্তমানে শ্রীংলকার অর্থনীতিতে বেশ চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন শ্রীলংকার অর্থনীতিবিদরা। চীনের ঋণের ক্ষেত্রে তাই বাংলাদেশকে সতর্কতা অবলম্বনের পরামর্শ সাবেক এ কূটনীতিকের।

চলতি বছর দক্ষিণ এশিয়ায় চীনের কর্মকৌশল নিয়ে ইইএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনে বক্তব্য তুলে ধরা হয়। দ্য হেরিটেজ ফাউন্ডেশনের ওই উপস্থাপনায় চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি গুরুত্বসহকারে উঠে আসে। তাতে বলা হয়, বাংলাদেশের সামরিক সরঞ্জাম আমদানির অন্যতম উত্স চীন। ডুবোজাহাজসহ বেশকিছু অত্যাধুনিক সামরিক অস্ত্র চীন থেকে বাংলাদেশে সরবরাহের বিষয়টি প্রক্রিয়াধীন। বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ বেশকিছু উন্নয়ন প্রকল্পে চীন সহযোগিতা করতে চাইছে। সেই সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানিরও প্রধান উত্স এখন চীন। এক দশক আগেই ভারতকে টপকে বাংলাদেশের পণ্য আমদানির প্রধান উত্স দেশে পরিণত হয়েছে চীন।

বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক আমদানির প্রান্তিক পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে চীন থেকে পণ্য আমদানি বাবদ বাংলাদেশের ব্যয় হয়েছে ২৪৯ কোটি ১৫ লাখ ডলার।

জানা গেছে, চীনা প্রেসিডেন্টের সফরকে ঘিরে ২৫টি প্রকল্পের জন্য ২০ বিলিয়ন ডলারের সহযোগিতার প্রস্তাব এরই মধ্যে চীনের কাছে দেয়া হয়েছে। এর বাইরে ব্লু ইকোনমির সহযোগিতা, চীনের অর্থায়নে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য জাহাজ সংগ্রহসহ বেশকিছু মেগাপ্রকল্পে চীনের সহযোগিতা নেয়ার প্রস্তুতি চলছে। অর্থায়নের জন্য চীনের কাছে পাঠানো তালিকায় থাকা প্রকল্পগুলোর মধ্যে এরই মধ্যে দুটির বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে। এগুলো হলো— ‘ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-৩’ ও ‘কনস্ট্রাকশন অব টানেল আন্ডার দ্য রিভার কর্ণফুলী’ প্রকল্প। এ দুটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ১৫ কোটি ও ৭০ কোটি ৫৮ লাখ ডলার। উভয় প্রকল্পের জন্যই এক্সিম ব্যাংকে ঋণ আবেদন পাঠানো হয়েছে। দেশটির সঙ্গে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’, রাজশাহী ওয়াসার ‘সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রজেক্ট’, ‘সিস্টেম লস রিডাকশন বাই রিপ্লেসিং ৫ মিলিয়ন ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি মিটার উইথ ইলেকট্রিক এনার্জি মিটার’ প্রকল্প, ‘এক্সপানশন অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া প্রজেক্ট’, ‘পদ্মা ব্রিজ রেল লিংক (ফেজ-১)’ প্রকল্প, ‘পদ্মা ব্রিজ রেল লিংক (ফেজ-২)’, ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেনদেনিং প্রজেক্ট আন্ডার পিজিসিবি’, কনস্ট্রাকশন অব ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ ও ‘মডার্নাইজেশন অব টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ফর ডিজিটাল কানেক্টিভিটি’ প্রকল্প।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি