শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ-চীন ২৬ চুক্তি সই, ৬ প্রকল্পের উদ্বোধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১০.২০১৬

agreement-bd-chana-sm20161014193820

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। বৈঠকে দুই দেশের মধ্যে ২৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর ও ৬টি প্রকল্পের উদ্বোধন হয়েছে। এর পরপরই এক যৌথ বিবৃতিতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এসময় সোনার বাংলাদেশ গড়ার প্রসঙ্গটি দুই নেতার মুখ থেকেই ধ্বনিত হয়েছে।

শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক যৌথ বিবৃতির মধ্য দিয়ে শেষ হয় ৪টার কিছু পর।

শুভেচ্ছা বক্তৃতায় চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই সফর আমাদের জন্য প্রত্যাশিত। আমরা চীনের এক অঞ্চল, এক দেশ নীতি সমর্থন করি। চীনের প্রেসিডেন্টের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, তথ্য- প্রযুক্তি, জ্বালানি, রেলওয়ে, সমুদ্র, শিল্পখাত, অর্থনীতি, দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক ২৬টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা ৬টি প্রজেক্টের উদ্বোধন করেছি। দুই দেশের মধ্যকার বিভিন্ন চুক্তি ও সমঝোতার মধ্য দিয়ে সম্পর্ক আরো প্রগাঢ় ও শক্তিশালী হলো।

দুই দেশের জনগণের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে আমরা ঐক্যমতে পৌঁছেছি। ২০২১ সালে মধ্যে বাংলাদেশকে মধ্যআয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে পরিণত করাই আমাদের লক্ষ্য। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন ছির দারিদ্রতা, ক্ষুধামুক্ত দেশ গড়া, আর সেটিই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে চীন সহযোগিতা করবে। বাংলাদেশ এবং চীনের মধ্যকার সম্পর্ক আরো গভীর এবং দীর্ঘকাল ধরে বিদ্যমান থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট এবং চীনের জনগণকে ধন্যবাদ ও শুভকামনা জানান প্রধানমন্ত্রী।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বক্তব্যের শুরুতেই বাংলাদেশে আসতে পেরে ধন্যবাদ জানান। বলেন, চীন-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক আগে থেকেই বিদ্যমান। দুই দেশ ভাল বন্ধু, ভাল প্রতিবেশি এবং ভাল সহযোগী। এই সফর দুই দেশের ভবিষ্যত সম্পর্ককে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, তথ্য প্রযুক্তি, কৃষি, যোগাযোগ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। বলেন বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে চীন সহায়তা করবে। দুই দেশই উচ্চতর পর্যায়ে সম্পর্ক দৃঢ় করতে ঐক্যমতে পৌছেছে। অর্থনৈতিক করিডোর, সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতামূলক সম্পর্কে আমরা একমত হয়েছি।

২০১৭ সাল চীন-বাংলাদেশ বন্ধুত্ব, এবং সহযোগিতার বছর। ইতিহাসের নতুন মাত্রায় দুই দেশের সম্পর্ক জনগণের উন্নয়নে ভূমিকা রাখবে। সড়ক অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে চীন। সমুদ্রসীমা রক্ষায় যৌথভাবে কাজ করতে চায় চীন। চীন বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত। সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়িত করতে বাংলাদেশিদের জন্য শুভকামনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি