রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত- ৮


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৬

images

বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম:

নির্বাচনী সহিংসতার জেরে কুমিল্লার চৌদ্দগ্রামে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেরলা গ্রামের সুলতান আহমদের পুত্র সিরাজুল ইসলাম (৬৫), আলী আহমদের পুত্র আব্দুল গফুর (৫০) ও মিতু মিয়ার পুত্র আবুল কালামকে (৩৫) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা জানায়, সর্বশেষ ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী নাজির ইসলাম ডলু ও বাহার মিয়ার সমর্থকদের মাঝে নির্বাচনের দিন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে দায়েরকৃত পাল্টাপাল্টি মামলায় উভয় পক্ষ গত বৃহস্পতিবার কুমিল্লার আদালতে হাজিরা দেয়। আদালত চত্বরে উভয় পক্ষের লোকজনের কথা কাটাকাটির জের ধরে শুক্রবার দুপুরে বাহারের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ডলুর বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে। হামলায় বাধা দিলে সন্ত্রাসীরা ডলুর মা নুরজাহান বেগম, বোন মনোয়ারা বেগম ও শরিফা বেগমসহ ৫ জন আহত হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই হোসাইন জানান, নির্বাচনোত্তর ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে মারামারির খবর শুনেছি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি