পূর্বাশা ডেস্ক:
আগামী ২০১৮ সালের মধ্যে নেপালের সাথে বাংলাদেশের ট্রেন যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার দুপুরে সচিবালয়ে ঢাকা সফররত নেপালের বাণিজ্যমন্ত্রী রোমিও গাও চান ঢাকালির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, যৌথভাবে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে বাংলাদেশ নেপালের সাথে একমত পোষণ করেছেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের মোংলা বন্দর ব্যবহার করে পণ্য রপ্তানি করতে পারবে নেপাল। একইভাবে মোংলা বন্দর ব্যবহার করে দেশটি যেকোনো দেশ থেকে পণ্য আমদানি করতে পারবে। মোংলা বন্দরে খালাস করে রেল কার্গোর মাধ্যমে পণ্য নিজেদের দেশে নিতে পারবে তারা। এতে করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবি আইএন) মধ্যে আন্তসংযোগ প্রকল্পের আওতায় এই রেল যোগাযোগ শুরু হবে। নেপালে উৎপাদিত জলবিদ্যুৎ আমদানির বিষয়ে দেশটির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।
‘নেপালের বাণিজ্যমন্ত্রী আমাদের কাছে স্থলবন্দরের অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার প্রস্তাব করেছেন। আমরা বিষয়টি পর্যালোচনা করে তাদের জানানো হবে বলে জানান তোফায়েল আহমেদ।
বৈঠকে নেপাল ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























































