নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগে সংবিধানে আইন করার নির্দেশনা থাকলেও কোন সরকারই তা করেনি। বিতর্ক এড়াতে এই আইন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশের সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, একটি আইনের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন। তবে গত ৪৫ বছরেও হয়নি সেই আইন।
সর্বশেষ ২০১২ সালে সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয় বর্তমান নির্বাচন কমিশন। আগামী ৮ ফেব্রুয়ারি এই কমিশনের মেয়াদ শেষে সার্চ কমিটির মাধ্যমে কমিশন সদস্যদের নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নে সাংবিধানিক বাধ্যবাধকতা মানা হলে বিতর্ক এড়ানো সম্ভব।
সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, ‘আইন করে, বিধান করে কিংবা সার্চ কমিটি করেও যোগ্য লোক সার্চ কমিটিতে নিতে হবে। যাতে তারা নির্বাচন কমিশন গঠন করার জন্য যোগ্য লোক নির্বাচন করতে পারেন। যে স্পিরিটে কোন একটা আইন করা হয় সে স্পিরিটকে পুরোপুরিভাবে মানতে হবে। তখনই বলা হবে হাঁ আইনটা কার্যকর হল’।
আইনবিদ শাহদীন মালিক বলেন, ‘আইন না করে যদি নিয়োগ দেয়া হয় তাহলে সেই নিয়োগটা প্রশ্নের সম্মুখীন হবে, আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হবে। আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হলে ওই নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকবে না’।
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘এক্ষেত্রে আলাদা আইনের প্রয়োজন নেই। রাষ্ট্রপতির নির্বাহী আদেশই আইন হিসাবে গণ্য হবে। কারণ রাষ্ট্রপতির এই ক্ষমতা আছে’।
২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধন হয়। এতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রধান নির্বাচন কমিশনারসহ সর্বোচ্চ ৫ সদস্যের কমিশন করার বিধান যুক্ত হয়।























































