শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মো. শাহরিয়ার আলম আপনাকে ধন্যবাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৬

rassell-550x370
ডেস্ক রিপোর্ট :
গতকাল একটি ওয়েবসাইটে খবর প্রকাশিত হয় যে একজন মেধাবি ছাত্র মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ৫১৪তম হয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছে না। বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের নজরে এলে তিনি ওই ছেলের খোঁজ চেয়ে নিজের ফেসবুক থেকে একটি পোস্ট করেন।

তিনি লিখেন, “লালমনিরহাটের হাতিবান্ধার এই শিক্ষার্থীকে কেউ খুঁজে দিতে পারলে কৃতজ্ঞ থাকবো। তার সাথে যোগাযোগের নাম্বারটা দিলেই হবো।”

এই পোস্টের ৩৭ মিনিটের মাথায় তিনি ওই ছেলের ফোন নাম্বার পান বলে জানিয়েছেন তিনি। এও আশ্বাস দেন যে ওই ছেলের কোনও সমস্যা হবে না।

প্রতিমন্ত্রীর এমন পরোপকারের খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সবাই শাহরিয়ার আলমের প্রশংসায় পঞ্চমুখ। প্রসঙ্গত, বাংলাদেশের সরকারের এই প্রতিমন্ত্রী সোস্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং তিনি সবার যৌক্তিক প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ইতিপূর্বে সৌদি আরবে পালিয়ে যাওয়া রাজনের হত্যাকারীকে ফেরত আনার বিষয়ে তিনি ফেসবুকে নিয়মিত আপডেট দেন। বিদেশে বাংলাদেশের কেউ সমস্যায় থাকলে যদি এই প্রতিমন্ত্রীকে ট্যাগ করে কেউ স্ট্যাটাস দেন তিনি তা নজরে আনেন।

ছেলেটির নাম রায়হানুল বারি রাসেল, বাড়ি লালমনিরহাট। জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব সারডুবি গ্রামের দিনমজুর বাবা সাফিউল ইসলামের (৪২) সন্তান। অর্থাভাবে থেকেও কোনও মতে ছেলেকে লেখাপড়া করান বাবা। রাসেল পিএসসি থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত সব পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়েছেন। দাদন ব্যবসায়ীদের কাছ থেকে টানা নিয়ে ভর্তি পরীক্ষা দিতে রাসেলকে রংপুর পাঠান বাবা। ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা যায় রাসেল মেধা তালিকায় ৫১৪তম হয়েছেন। মানে তিনি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। গরীব বাবার অর্থাভাবে ভর্তি নিয়ে দুঃশ্চিন্তা থাকলেও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের হস্তক্ষেপে তা একেবারেই সহজ হয়ে গেলো।

শাহরিয়ার আলমের এমন উদারতায় মুগ্ধ হয়েছে ফেসবুকাররা। সবাই প্রশংসায় ভাসাচ্ছেন প্রতিমন্ত্রীকে।

হারুন রশীদ নামে একজন লিখেছেন, “আপনার প্রতি পুরো জাতিই কৃতজ্ঞ থাকবে যদি এই মেধাবীকে সাহায্য করেন। আপনার মহানুভবতা দেখে অবাক না হয়ে পারলাম না। আপনাকে হাজার সালাম। আপনার মত নেতার বড়ই অভাব এই দেশে। আওয়ামী লীগের অনেক নেতাকেই মন থেকে ভাল না লাগলেও আপনার প্রতি আগে থেকেই আমার শ্রদ্ধা ছিল।এবার সত্যি সত্যি মনটাই কেড়ে নিলেন। আপনি এই দেশের সম্পদ। আপনার কাছে এ জাতির অনেক কিছু পাওয়ার আছে। আল্লাহ্ আপনার মঙ্গল করুন।”

চয়ন হালদার নামে একজন লিখেছেন, “আপনাকে অনেক অনেক শুভকামনা। মানুষের উপকারে কাজ করে যান। যখন আপনি ক্ষমতায় থাকবেন না তখনও সকলে আপনাকে মনে করবে। আপনাকে দোয়া করবে। এই দোয়া আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাজে লাগবে।ভালো থাকুন, সুস্থ থাকুন সেই আশাবাদ ব্যক্ত করছি।”

মো.সামসুজ্জামান নামে একজন এমন আরেকজন ছাত্রর সন্ধান দিয়ে প্রতিমন্ত্রীর সহায়তা প্রত্যাশা করেন। তিনি লিখেন, “শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে লেখাপড়ার সুযোগ অর্জন করেছেন আনিসুর। সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের দিনমজুর চাঁদ আলী প্রামাণিক ও গৃহিনী আছমা খাতুনের ছেলে তিনি। কোন ভাবে সহযোগিতা করা যায় কিনা ভেবে দেখার জন্য অনুরোধ থাকলো আমি থাকবো আপনাদের সাথে”

প্রতিমন্ত্রী এগিয়ে এলে আরও অনেককেই ওই ছেলের লেখাপড়া চালিয়ে নিতে আর্থিক সহায়তা করার জন্য এগিয়ে আসেন। আতাউল গনি নাম একজন নিজের ফোন নাম্বার দিয়ে লিখেছেন আমি তার লেখাপড়ায় সহায়তা করতে চাই।

এছাড়াও প্রতিমন্ত্রীর এই ফেসবুক পোস্টের নিচে অনেকেই এই মহানুভবতায় মুগ্ধ হয়ে লিখেছেন, “ধন্যবাদ”।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি