ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
স্কুলে শিক্ষকের মারধরের পর কুমিল্লার বুড়িচং উপজেলায় তানিয়া আক্তার (১৪) নামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে ঘটনাটিকে আইনি প্রক্রিয়ায় না নিয়ে স্থানীয়ভাবে সমঝোতা করার চেষ্টা করছে প্রভাবশালি মহল।
সোমবার (১৭ অক্টোবর) দুুপুরে স্কুলের শিক্ষকরা তাকে মুর্মূষ অবস্থায় কংশনগর ইউনিক হাসপাতালে নিয়ে যায়। পরে সন্ধায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
তানিয়া আক্তার (১৪) উপজেলার ভারেল্লা গ্রামের শহিদুল্লাহর মেয়ে । সে শাহ নুরুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, শাহ নুরুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তানিয়াকে দুপুরে স্কুল শিক্ষক হাবিব বাংলা ক্লাসে মারধর করে। এ সময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বুড়িচং কংশনগর এলাকার ইউনিক নামের একটি ক্লিনিকে নিয়ে যায় স্কুল শিক্ষক হাবিব। পরে সেখান থেকে তানিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তানিয়াকে ঢাকা মেডিকেলে নেওয়ার কথা বলে। পরে সন্ধ্যায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের পিতা শহিদুল্লাহ জানান,স্কুল শিক্ষক হাবিব তার মেয়েকে মারধর করে । এতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তাদের না জানিয়ে স্কুল কর্তৃপক্ষ লাশ নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরে রাত লাশ নিয়ে ফিরে আসে।
স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন,আমি যোহরের নামাজে ছিলাম। পরে শুনেছি তাকে হাসপাতালে নিয়েছে। বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে জানিয়েছি। এর বেশি কিছু জানিনা।
এদিকে স্কুল কমিটির সভাপতি ও ভারেল্লা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান রব বলেন,বিষয়টি শুনেছি। যদি হাবিব মাস্টার ঘটনার সাথে জড়িত থাকেন এবং নিহতের পরিবার অভিযোগ করে তবে আইনগত সহযোগিতা দেওয়া হবে।
এদিকে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান,ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
রাত পৌণে ১২ টায় এ নিউজ লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ যায়নি। প্রভাবশালিমহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।
ই-মেইলে ছবি আছে


















































