শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে সরকারি অ্যাম্বুলেন্স


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৬

a-4-550x309

ডেস্ক রিপোর্ট  :

দেশের সরকারি হাসপাতালগুলোতে ১৯২টি অ্যাম্বুলেন্সের একশোটিই নষ্ট। বাকি অ্যাম্বুলেন্সগুলোও অনেক ক্ষেত্রে ব্যবহার হয় চিকিৎসকদের ব্যক্তিগত কাজে। এই সুযোগে ইচ্ছেমতো ভাড়া নিয়ে বাণিজ্য করছেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকেরা। তবে এরই মধ্যে নতুন অ্যাম্বুলেন্স দেয়ার প্রক্রিয়া শুরুর কথা বলছে সরকার।

লক্ষ্মীপুর জেলায় পাঁচটি সরকারি হাসপাতালে পাঁচটি অ্যাম্বুলেন্সে। এর মধ্যে দুটি একেবারেই নষ্ট। বাকিগুলোর অবস্থাও একেবারেই নাজুক। ফলে জরুরি অবস্থায় দ্বিগুণ অর্থ খরচে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারে বাধ্য হচ্ছেন চিকিৎসা নিতে আসা মানুষ।

শুধু লক্ষ্মীপুরই না সারাদেশেই সরকারি অ্যাম্বুলেন্সের একই অবস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের ৬৪টি জেলার সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে ১৯২টি। এর মধ্যে অকেজো পড়ে আছে একশটিরও বেশি।

দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স নষ্ট থাকায় নানা ভোগান্তিতে পড়ছে হাসপাতালগুলোকেও।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ড. গোলাম মোস্তাফা বলেন, ‘হাসপাতালে দুইটা অ্যাম্বুলেন্স আছে। যেগুগো আগে থেকেই নষ্ট। যার জন্য বিআরটিএকে চিঠি লেখা হয়েছে’।

অভিযোগ রয়েছে অনেক চিকিৎসক ব্যক্তিগত কাজে ব্যবহার করেন সরকারি অ্যাম্বুলেন্স। স্বাস্থ্য মন্ত্রণালয়ও জানে এ অভিযোগের কথা। সংকট নিরসনে শিগগিরই সরকারি হাসপাতালগুলোতে নতুন অ্যাম্বুলেন্স দেয়া হবে জানালেন প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ড্রাইভারের অদক্ষতা এবং মেইনটেইনেন্স ঠিকমত না করার ফলে অ্যাম্বুলেন্সগুলো নষ্ট হয়। অনেক সময় দেখা যায় রোগীর সেবার পরিবর্তে অ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহার হয়। এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি’।

সরকারি হাসপাতলগুলোতে নতুন অ্যাম্বুলেন্স যোগ হলে সেবার মান আরো বাড়বে বলে মনে করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি