ডেস্ক রিপোর্ট :
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আগামীকাল মঙ্গলবার তিনি বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠী এলাকায় যাবেন বলে প্রশাসনের একটি বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে প্রথমবারের মত বাংলাদেশ সফরে রোববার বিকেলে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ সোমবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে বৈঠক করবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব দারিদ্রমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মঙ্গলবার সকালে আসবেন বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রামে। সেখানে তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ভরসাকঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাম সাইক্লোন সেন্টারটি সরেজমিন ঘুরে দেখবেন।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এর এই আগমন উপলক্ষে উজিরপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার বিকালে তার আগমনস্থলের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্থানটি পরিদর্শন করেন বরিশাল জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান ও উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার।
























































