পূর্বাশা ডেস্ক:
হামলার শিকার সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগমের দুই হাতে সফল অপারেশন হয়েছে সোমবার দুপুরে। চিকিৎসক বলেন, খাদিজার দুই হাতে জখম রয়েছে। ডান হাতে জখমের ব্যথা সে অনুভব করতে পারছে। তাই সে কান্নাকাটি করছে।
চিকিৎসক আরো জানিয়েছেন, ধীরে ধীরে তার শারীরির অবস্থার উন্নতি হচ্ছে। আর তাই সে শরীরে জখমের ব্যথা অনুভর করতে পারছে।
খাদিজার বাবা বলেন, খাদিজা চোখ খুলছেন, ডাকলে সাড়া দিচ্ছেন। এমনকি পরিচিতদের চিনতেও পারছেন। সোমবার দুপুরে যখন তাকে ডান হাতের অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়, তখন খাদিজা পরিচিত স্বজনদের চিনতে পারছিলো।
তিনি আরো বলেন, অপারেশনের পর হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) দেখতে যাই। তখন তার জ্ঞান ছিল। দেখলাম মেয়েটা আমার ব্যথায় কাতরাচ্ছে। ডাক্তারের কাছে জানতে চাইলে আমাকে বলেন, খাদিজার শারীরিক উন্নতির সঙ্গে সঙ্গে তার শরীরের বিভিন্ন অংশের ব্যথার অনুভূতি ফিরে আসছে।
খাদিজার সুস্থ হয়ে ওঠার জন্য এটি ইতিবাচক দিক বলে মনে করেন চীনে চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়নরত খাদিজার বড় ভাই শাহীন আহমেদ। তার দাবি, মস্তিষ্কের সিগন্যাল ছাড়া মানুষের শরীরের ব্যথা অনুভূত হয় না। তার মস্তিষ্ক যতটা কাজ করছে ততটাই শরীরে ব্যথা অনুভব করবে। তাকে নলের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে খাবার খাওয়ানো হবে। তারপর ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে।
সোমবার সন্ধ্যায় খাদিজার ডান হাতের সফল অস্ত্রোপচার শেষে স্কয়ার হাসপাতালের চিকিৎসক মেজবা উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, ‘খাদিজার বাঁ হাত অবশ থাকার কারণে শুধু ডান হাতেরই অস্ত্রোপচার করা হয়েছে। মাথার ডান পাশে আঘাত একটু গুরুতর হওয়ায় বাঁ হাত অবশ হয়েছে। তাকে ফিজিওথেরাপি দেওয়া হবে। আশা করছি শিগগিরই তার বাঁ হাতের অস্ত্রোপচার করা সম্ভব হবে।’
এদিকে খাদিজার পায়েও কিছু জখম রয়েছে, তবে সেগুলো তেমন গুরুতর নয় বলে জানান চিকিৎসক মেজবা উদ্দিন। তিনি বলেন, ‘যেসব কাজ আগে করা দরকার সেগুলোই আমরা গুরুত্ব দিয়ে আগে করছি। আমাদের প্রধান কাজ হলো তাকে দ্রুত সুস্থ করে তোলা।’
এদিকে চিকিৎসকদের বরাত দিয়ে খাদিজার বাবা জানিয়েছেন, খাদিজার অবস্থা ভালো পর্যায়ে আসতে আরো ৩ থেকে ৪ মাস সময় লাগবে।























































